বাগদাদ, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নববর্ষ শুরুর কিছু আগেই বুধবার বাগদাদের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ খালি করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ইরাকে আগ্রাসন শুরুর পরপরই সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হটিয়ে ওই প্রাসাদের দখল নিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্। একইসঙ্গে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইরাকি কমান্ডের অধীনে চলে এসেছে মার্কিন সেনাবা
৩১ ডিসেম্বর ২০০৮ ইরাকে মার্কিন সেনা অবস্থানের জাতিসংঘ মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ইরাক-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি অনুসারে ক্ষমতার এই পালাবদল ঘটল। ইরাকি টিভি সাংবাদিক মুনতাজার আল-জাইদির বুশকে জুতা নিক্ষেপ করার ঘটনায় চাঙ্গা মনোভাবে থাকা ইরাকিরা বাগদাদ প্রাসাদ মার্কিন দখলমুক্ত হওয়াকে দেখছেন ক্ষমতার পালাবদলের প্রতীকী ঘটনা হিসেবে।
ওদিকে নতুন বছরের প্রথম দিনে বাগদাদের গ্রিন জোনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছেন মার্কিন ও ইরাকি কর্মকর্তারা।
বর্তমানে ইরাকে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে। ২০০৩ সালে এক প্রস্তাবনার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৮ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মার্কিন সেনাদের ইরাকে অবস্থান করার অনুমতি দেয়। ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ১লা জানুয়ারি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনারা ইরাকে অবস্থান করবে এবং ইরাকি সরকারের অধীনে কাজ করবে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র বৃটেনের সঙ্গেও একটি চুক্তি করেছে ইরাক। এ চুক্তি অনুযায়ী এবছর জুলাইয়ের শেষে ইরাক ছেড়ে যাবে ব্রিটিশ সেনারা। এছাড়া ন্যাটো সহযোগী অন্যান্য দেশের সেনারাও ২০০৯ সালের মধ্যে ইরাক ছেড়ে যাবে।
এছাড়া বাগদাদের বিগত কয়েক সপ্তাহ ধরেই ধীরে ধীরে ওই প্রাসাদ ছেড়ে নতুন তৈরি দূতাবাস ভবনে চলে যাওয়া শুরু করেছে মার্কিন কর্মকর্তারা। ইরাকে নির্মিত এই দূতাবাস ভবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের মুখপাত্র সুসান জিয়াদি বলেন, "২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এই প্রাসাদ ইরাকি সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১১৫ ঘ.
bdnews24