২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের প্রতি শান্তির আহ্বান জানালেন কারজাই

তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি শান্তির আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। একই সঙ্গে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য তিনি সৌদি আরবের বাদশাহর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

কাবুল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি শান্তির আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। একই সঙ্গে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য তিনি সৌদি আরবের বাদশাহর প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের ও ন্যাটো বাহিনীকে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়ে মোল্লা ওমর হুমকি দেন, তারা না গেলে কয়েক দশক আগে সাবেক সোভিয়েত দখলদারদের ভাগ্যে যা ঘটেছিল তাদের ক্ষেত্রেও একই পরিণাম হবে। ওমরের এই হুমকির কয়েক ঘণ্টা পর কারজাই এই আহ্বান জানালেন। কারজাই সাংবাদিকদের বলেন, "কয়েক দিন আগে আমি তালেবানদের নেতা মোল্লা ওমরকে শন্তির আহ্বান জানিয়েছি। তাকে বলেছি, দেশে ফিরে আসুন। দেশের মানুষের কল্যাণে ও শন্তির জন্য আমরা এক সঙ্গে কাজ করি। নিজের ভাইদের হত্যা বন্ধ করুন।" মার্কিন ও ন্যাটো বাহিনীকে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়ে মোল্লা ওমর এর আগে বলেন, "দখলদারিত্বের ভুল সিদ্ধান্তের বিষয়ে আপনারা পুনরায় চিন্তা করুন এবং আফগানিস্তান থেকে নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজুন।" এক তালেবান মুখপাত্র একথা জানান। ওমর আরও বলেন, "দখলদারিত্ব বজায় রাখার চেষ্টা করলে বিশ্বজুড়ে আপনাদের পরাজয় ঘটতে থাকবে। যেমনটা ঘটেছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাগ্যে।" বামপন্থিদের ক্ষমতায় বসাতে ১৯৭৯ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় সোভিয়েত ইউনিয়ন। কিন্তু গেরিলা যুদ্ধের মুখে ১৯৮৯ সালে তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ ঘ.