২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়জাতি চুক্তি বাঁচাতে উ. কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করার হুমকির মুখে ছয়জাতি চুক্তি বাঁচাতে দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্রিস্টোফার হিল। এ উদ্দেশ্যে মঙ্গলবার তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

সিউল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করার হুমকির মুখে ছয়জাতি চুক্তি বাঁচাতে দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্রিস্টোফার হিল। এ উদ্দেশ্যে মঙ্গলবার তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিল সিউলে সাংবাদিকদের বলেন, "ছয়জাতি চুক্তি থেকে উত্তর কোরিয়াকে সরে না আসার জন্য তাদের কাছে আমাদের অবস্থান পরিস্কার করার চেষ্টা করব।" বুধবার দক্ষিণ কোরিয়া থেকে সড়ক পথে উত্তর কোরিয়ায় ঢুকবেন হিল। তবে কখন সেখান থেকে ফিরবেন এ বিষয়ে তিনি কিছু জানাননি। যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে উত্তর কোরিয়া চলতি মাসে ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। দেশটি জানায়, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করতে যাচ্ছে। ছয়জাতি চুক্তির শর্ত অনুযায়ী গত নভেম্বর থেকে পরমাণু প্রকল্পসমূহ ধংস করতে শুরু করেছিল উত্তর কোরিয়া। পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে গত সপ্তাহে জাতিসংঘ পর্যবেক্ষকদের বহিস্কার করে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা গত বুধবার জানায়, আগামী সপ্তাহ থেকে পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। উত্তর কোরিয়া দাবি করেছে, ছয়জাতি চুক্তির শর্ত মোতাবেক যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে তাদের বাদ না দেওয়ায় তারা ইয়ংবিয়ন প্রকল্প ধংস করার কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা প্রকল্পটি নতুন করে চালু করবে। ২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রম বন্ধ ও প্রকল্পসমূহ ধংস করে ফেললে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া এবং দক্ষিণ ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী ইয়ংবিয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের সব পরমাণু প্রকল্প বন্ধ করেছে- পর্যবেক্ষকদের মাধ্যমে এটি নিশ্চিত হওয়ার পরেই দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.