মুলতান, পাকিস্তান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে সোমবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, নিহতরা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল।
রাজধানী ইসলামাবাদ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুজাফ্ফরগড় জেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি দুধবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটিতে আগুন ধরে গেলে নয় শিশু তিন নারী ৩৭ যাত্রী নিহত হয়। নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।
ঊর্ধ্বতন জেলা কর্মকর্তা তারিক জাভেদ টেলিফোনে রয়টার্সকে বলেন, "সংঘর্ষের আগে বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিল। এই অবস্থায় সংঘর্ষে বাসে আগুন ধরে যাওয়ায় এত মানুষ মারা গেছে।"
দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে বাসটি ৭৫ জন যাত্রী নিয়ে মানসেহরা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24