২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জনমত জরিপে এগিয়ে আনোয়ার

মালয়েশিয়ার আগামী প্রধানমন্ত্রী হিসেবে সরকারের বাছাই করা প্রার্থীর চেয়ে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকেই বেশি যোগ্য মনে করে দেশটির জনগণ। সোমবার প্রকাশিত এক জনমত জরিপের ফলে এমনটিই দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কুয়ালা লামপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার আগামী প্রধানমন্ত্রী হিসেবে সরকারের বাছাই করা প্রার্থীর চেয়ে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকেই বেশি যোগ্য মনে করে দেশটির জনগণ। সোমবার প্রকাশিত এক জনমত জরিপের ফলে এমনটিই দেখা গেছে। মারদেকা সেন্টার পরিচালিত ওই জরিপে আরও বলা হয়েছে, নির্বাচন কিংবা দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক নীতির প্রশ্নটিই জনগণের মতামতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। ২ কোটি ৭০ লাখ মানুষের দেশ মালয়েশিয়া ক্রমবর্ধমান জ্বালানিমূল্য বৃদ্ধির ধকল সামলাতে হিমশিম খাচ্ছে এবং সেখানে এখন গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ওদিকে, ক্ষমতাসীন জোটের মধ্যে বিভক্তি এবং বিরোধীদের মোকাবেলায় তটস্থ থাকা প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির জনপ্রিয়তা কমতে থাকলেও তিনি এখনও নতুন ওই জরিপের শীর্ষে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে ভাল করবেন - এমন প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারীদের ৪৩ শতাংশই বাদাবির পক্ষে রায় দেন। তবে, প্রধানমন্ত্রী বাদাবির মনোনীত উত্তরসূরী নজিব রাজাক-কে টপকে দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ আনোয়ারের পক্ষে এবং ৩৪ শতাংশ রাজাকের পক্ষে রায় দেন। মেয়াদ অনুসারে ২০১০ সাল পর্যন্ত আবদুল্লাহ আহমেদ বাদাবির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকার সুযোগ থাকলেও বিরোধীদের চাপের মুখে পার্লামেন্টে অনাস্থার আশঙ্কায় রয়েছেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলছেন, বাদাবিকে হটাতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস করতে প্রয়োজনীয় সংখ্যক সমর্থন আদায়ে সক্ষম তিনি এবং তাকে এ বিষয়ে সমর্থন দেওয়ার তালিকায় ক্ষমতাসীন জোটের অনেক এমপিও রয়েছেন। এ পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে নিজের দল 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন' (ইউএমএনও) এর উত্তরসূরী নজিব রাজাকের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বাদাবি। ক্ষমতাসীন 'বারিসান ন্যাশনাল কোয়ালিশন' এর মূল দল ইউএমএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.