২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' আল কায়েদাকে দুর্বল করেনি: বিবিসি জরিপ

বিশ্ববাসী মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' আল কায়েদাকে দুর্বল করেনি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পরিচালিত এক জরিপে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 05:44 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

লন্ডন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ববাসী মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' আল কায়েদাকে দুর্বল করেনি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পরিচালিত এক জরিপে একথা বলা হয়েছে। সোমবার প্রকাশিত ওই জরিপে আরও বলা হয়েছে, অনেকের বিশ্বাস, জর্জ ডব্লিউ বুশের এ বিতর্কিত যুদ্ধ বরং সত্যিকার অর্থে ওসামা বিন লাদেনের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জন্য এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এর 'প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল পলিসি অ্যাটিচিউডস' এর সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় গ্লোবস্ক্যান। জরিপ সংস্থা গ্লোবস্ক্যান এর এ জরিপে ২৩টি দেশের প্রায় ২৪ হাজার লোক অংশ নেন। এতে দেখা গেছে, বিশ্বের ২৩টির মধ্যে ২২টি দেশের লোকই মনে করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আল কায়েদা দমনে গৃহীত পদক্ষেপে সংগঠনটি দুর্বল হয়নি। বিবিসি জানিয়েছে, অধিকাংশ লোকের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কিংবা আল কায়েদা কোনো পক্ষই এ লড়াইয়ে জিতছে না। 'প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল পলিসি অ্যাটিচিউডস' এর পরিচালক স্টিভেন কাল্ এ বিষয়ে বলেন, "ব্যাপক সামরিক শক্তি সত্ত্বেও আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ একটি অচলাবস্থা তৈরি করার চেয়ে ভাল কোনো কিছুই অর্জন করতে পারেনি বলেই বিবেচিত হচ্ছে। আর অনেকের বিশ্বাস, এই যুদ্ধ আল কায়েদাকে শক্তিশালীও করেছে।" জরিপ চালানো দেশগুলোর মধ্যে একমাত্র কেনিয়ায় দেখা গেছে সেখানকার অধিকাংশ লোক মনে করেন আল কায়েদা দুর্বল হয়েছে। প্রসঙ্গত, কেনিয়ায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে এবং ২০০২ সালে ইসরায়েলি মালিকানাধীন একটি হোটেলে ভয়াবহ হামলা চালায় আল কায়েদা। জরিপে দেখা গেছে, খোদ যুক্তরাষ্ট্রেরই মাত্র ৩৪ শতাংশ মানুষ মনে করেন, আল কায়েদা দুর্বল হয়েছে। অন্যদিকে, ২৬ শতাংশ মনে করছেন, 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ'র কোনো কার্যকারিতা নেই এবং ৩৩ শতাংশ মনে করছেন, এ যুদ্ধ জঙ্গিদের আরো শক্তিশালী করেছে। জরিপে আরো দেখা গেছে, মার্কিনিদের অধিকাংশের ধারণা যুক্তরাষ্ট্র বা আল কায়েদা কোনো পক্ষই জয়ী হচ্ছে না। জরিপে দেখা গেছে, ফ্রান্স, মেক্সিকো, ইটালি, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের ৪০ শতাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' আল কায়েদাকে শক্তিশালী করেছে। জরিপে অধিকাংশ লোক আল কায়েদার নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করলেও পাকিস্তান এবং মিশরের অধিকাংশ লোকের মধ্যে সংগঠনটি সম্পর্কে মিশ্র বা ইতিবাচক মনোভাব দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫৫ ঘ.