ওয়াশিংটন/গ্রিনসবরো, নর্থ ক্যারোলাইনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টেলিভিশন বিতর্কের পর পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে আবার নির্র্বাচনী প্রাচারাভিযানে ফিরেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা এবং জন ম্যাককেইন। অর্থনৈতিক সংকট নিয়ে একে অপরের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন তারা।
মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার দুই প্রার্থীর মধ্যে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিজয় দাবি করেছে উভয় পক্ষ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো প্রার্থীই এখানে জিতেনি বা হারেনি। উভয়েই ভাল করেছে। ম্যাককেইন কিছুটা আক্রমণাত্বক হলেও ওবামা বেশ দৃঢ়তার সঙ্গে সেই আক্রমণের জবাব দিয়েছেন।
৯০ মিনিটের ওই বিতর্কে যুক্তরাষ্ট্রের চলমান আর্থিক সংকট নিরসনে দুই প্রার্থীর তীব্র বাকযুদ্ধের পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উভয় প্রার্থীই পরস্পরের সমালোচনা করেন।
তবে একটি বিষয়ে দুজনই একমত হন। তারা আশা করছেন, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাতশ' বিলিয়ন মার্কিন ডলারের যে সহায়তা প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে কংগ্রেস তাতে সম্মতি দেবে।
বুশ প্রশাসনের ওই বিল সম্পর্কে শনিবার কংগ্রেসের আলোচনায় অগ্রগতি হয়েছে। কংগ্রেস সদস্যরা এ বিষয়ে মোটামুটি একমত হয়েছে। বিস্তারিত আলোচনার পর রোববার এ নিয়ে কংগ্রেসে ভোটাভুটি হতে পারে।
অ্যারিজোনার সিনেটর ম্যককেইন শনিবার বলেছিলেন, "এটা পরিস্কার হয়ে গেছে সিনেটর ওবামা অর্থনৈতিক সংকটকে এখনো যুক্তরাষ্ট্রের জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করছেন এবং একে তিনি নিজের স্বার্থ সিদ্ধির কাজে লাগাতে চাইছেন।"
তিনি আরও বলেন, "এ এক চরম পরীক্ষার সময়। আমাদের অর্থনীতির ভবিষ্যৎ এখন টালমাটাল। এই সংকট থেকে উত্তরণে ঘোষিত প্যাকেজ প্রস্তাব পাস করাতে আমি আঙ্গীকারাবদ্ধ।"
ম্যাককেইনের এই আক্রমণের জবাব দিয়ে ইলিনয়ের সিনেটর ওবামা বলেছেন, "প্রেসিডেন্ট বুশ আমাদের জন্য বড় একটি গর্ত খুঁড়েছেন। আর তার পেছনে পেছনে শাবল নিয়ে হাজির আছেন ম্যাককেইন। এই গর্ত থেকে আমাদের বেরুতে সময় লাগবে।"
তিনি আরও বলেন, "আমি মনে করি এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে ম্যাককেইন কিছুই করতে পারবেন না। এ কারণে তিনি এখন কি করবেন আর কি বলবেন বুঝে পাচ্ছেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১৫ ঘ.
bdnews24