২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে রাশিয়া সফরে যাচ্ছেন ওলমার্ট

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা এবং সিরিয়াকে ক্ষেপণাস্ত্র সহযোগিতা দেওয়ার রাশিয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ দূর করতে আগামী মাসের শুরুর দিকে মস্কো সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা এবং সিরিয়াকে ক্ষেপণাস্ত্র সহযোগিতা দেওয়ার রাশিয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ দূর করতে আগামী মাসের শুরুর দিকে মস্কো সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওলমার্টের কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে, অক্টোবরের ছয় ও সাত তারিখে ওলমার্ট রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সফরে তিনি রুশ নেতাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়াকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করবেন তারা। ওলমার্টের এ সফর এ মাসের শুরুর দিকে হওয়ার কথা থাকলেও দেশে বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তা বাতিল করতে বাধ্য হন তিনি। দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে কোণঠাসা ওলমার্ট পূর্ব প্রতিশ্র"তি অনুযায়ী দলীয় নির্বাচনের পর পদত্যাগ করেন। পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ওই নির্বাচনে কাদিমা পার্টির প্রধান নির্বাচিত হন এবং গত সোমবার প্রেসিডেন্ট শিমন পেরেজ তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। নিয়মানুযায়ী, সেদিন থেকে ৪২ দিনের মধ্যে ওই সরকার গঠন করতে হবে এবং পার্লামেন্টের আস্থা অর্জন করতে হবে লিভনিকে। নতুন সরকার গঠনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন ওলমার্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.