লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - অস্কার বিজয়ী কিংবদন্তী মার্কিন অভিনেতা পল নিউম্যানের মৃত্যুতে শোকাহত হলিউড। দুর্ধর্ষ অভিনেতা ও পরিচালক হিসেবে মার্কিন চলচ্চিত্রে ছয় দশকের বেশি রাজত্ব করার পর ৮৩ বছর বয়সে শুক্রবার রাতে কানেটিকাটের নিজ খামারবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড, দ্য স্টিং, দ্য কালার অফ মানি'র মতো আলোড়ন তোলা চলচ্চিত্রের জন্য বিখ্যাত নিউম্যানের মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিউম্যানের বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড এবং দ্য স্টিং ছবির সহ-অভিনেতা রবার্ট রেডফোর্ড এক শোকবার্তায় বলেন, "আমি একজন সত্যিকারের বন্ধু হারিয়েছি।"
অস্কার বিজয়ী অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক কেভিন স্পেসি তার শোকবার্তায় বলেন, নিউম্যান ছিলেন একজন "বড় মনের মানুষ।"
সাবেক অভিনেতা ক্যালিফোর্নিয়ার গভর্নর আরনল্ড সোয়ার্জনেগার তাকে "একজন উদার হৃদয়বান এবং বিনয়ী মানবপ্রেমিক" হিসেবে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী হিলারি এক বিবৃতিতে নিউম্যানকে "আমেরিকার তারুণ্যের প্রতীক, মানবপ্রেমিক এবং শিশু অধিকারের অগ্রদূত" হিসেবে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ওহিওতে ১৯২৫ সালের ২৬ জানুয়ারি জন্ম নেন বিশ্বখ্যাত এই অভিনেতা। দীর্ঘ কর্মময় জীবনে অস্কারের পাশাপাশি দুইবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, একবার করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্র পুরস্কার ও এমি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন নিউম্যান।
তবে ১০ বার অস্কারের জন্য মনোনীত হলেও প্রায় বুড়ো বয়সে ১৯৮৭ সালে 'দ্য কালার অফ মানি' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পুরস্কারটি পান নিউম্যান।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত নিউম্যান শুক্রবার রাতে যখন শেষ নিঃশ^াস ত্যাগ করেন তখন তার স্ত্রী বিখ্যাত অভিনেত্রী জোন উডওয়ার্ড এবং পরিবারের অন্যান্য সদস্যসহ কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৪ ঘ.
bdnews24