২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধি পরিষদে ভারত-মার্কিন পরমাণু চুক্তি অনুমোদিত

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ শনিবার ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু ব্যবসার ওপর থাকা তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত চুক্তিটি অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ শনিবার ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু ব্যবসার ওপর থাকা তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত চুক্তিটি অনুমোদন করেছে। এছাড়া মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শীর্ষ নেতারাও চুক্তিটি সিনেটে অনুমোদিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। কংগ্রেসের কর্মকর্তারা জানান, শনিবার ভারত-মার্কিন পরমাণু চুক্তিটি প্রতিনিধি পরিষদে ২৯৮-১১৭ ভোটে পাস হয়েছে। এছাড়া সিনেটের নেতৃত্বে থাকা বিরোধী ডেমোক্র্যাট দলের নেতারাও আশা করছেন কয়েক দিনের মধ্যেই এর ওপর সিনেটে ভোট হবে এবং তাতেও চুক্তিটি অনুমোদন পাবে। অবশ্য, সিনেটের কিছু ডেমোক্র্যাট সদস্য বিতর্কিত এই চুক্তিটির বিরোধিতা করছেন। প্রসঙ্গত, ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তিটি কংগ্রেসের উভয় কক্ষে পাস হলে তা ভারতে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বিলিয়ন ডলারের বাজার তৈরিতে সহায়ক হবে। আর জর্জ ডব্লিউ বুশের প্রশাসন চাইছে ক্ষমতার এ মেয়াদেই কংগ্রেসে চুক্তিটি পাস হোক। শনিবার বুশ এক বিবৃতিতে বলেন, প্রতিনিধি পরিষদে চুক্তিটি অনুমোদিত হওয়ায় ভারত-মার্কিন সম্পর্কে নতুন মাত্রা অর্জনের পথে আরেকটি বড় বাঁধা অপসারিত হল। যত শিগগির সম্ভব সিনেটেও বিলটি পাস করার আহ্বান জানিয়েছেন বুশ। কেননা ক্ষমতা শেষ হওয়ার আগেই বিলটিতে স্বাক্ষর করে তা আইনে পরিণত করতে চান বুশ। বুশ বলেন, "দ্বিদলীয় বিলটির স্বাক্ষর ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে সাহায্য করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৪০ ঘ.