সোফিয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঝড়ো হাওয়ার কবলে পড়ে কৃষ্ণ সাগরে শনিবার দশজন ক্রুসহ উত্তর কোরিয়ার একটি জাহাজ ডুবে গেছে। বুলগেরিয়া কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
বুলগেরিয়ার নৌপরিবহন ব্যবস্থাপনা সংস্থার প্রধান নিকোলাই এপস্তোলাভ জানিয়েছেন, উদ্ধারকারীরা এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। এছাড়া কারো মৃতদেহও পাওয়া যায়নি। ঝড়ো আবহাওয়ার কারনে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে রাতের বেলায় উদ্ধার অভিযান বন্ধ থাকবে।
জাহাজের দশ ক্রুর মধ্যে নয়জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার নাগরিক।
রাশিয়া থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করা কার্গা জাহাজটি আড়াই হাজার টন ধাতব পণ্যে বোঝাই ছিল। বুলগেরিয়ার কেপ ইমাইন উপকূল থেকে সমুদ্রের প্রায় ১২ মাইল ভেতরে স্থানীয় সময় ভোর চারটার দিকে জাহাজটি ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪০ ঘ.
bdnews24