দামেস্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার এক গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে চলতি বছরে তৃতীয় বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল। তবে এ হামলা কারা চালিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
দামেস্ক বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত একটি নিরাপত্তা কেন্দ্রের কাছে গাড়িবোমা হামলার এ ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ বোমা হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গাড়িটিতে ২০০ কেজি বিস্ফোরক ছিল। এর ফলে দামেস্কের এ বিস্ফোরণটি পরিণত হয় ১৯৮০'র দশকের প্রথম দিককার সিরিজ বোমা হামলার পর অন্যতম ভয়াবহ বিস্ফোরণে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল বাসাম আবদেল মজিদ এ বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "জনবহুল এলাকাটিতে এ হামলা নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী হামলা। এটা কাপুরুষোচিত কাজ।"
বিস্ফোরণের পরপর নিরাপত্তারক্ষীরা এলাকাটি ঘিরে ফেলে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলায় নিরাপত্তা কেন্দ্রটির প্রধান ভবনে কিছু ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭১০ ঘ.
bdnews24