২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে ফের বিস্ফোরণে দুজন নিহত, আহত ১৮

আবারো বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। শনিবার রাজধানীর একটি ব্যস্ত মার্কেটে বিস্ফোরণে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবারো বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। শনিবার রাজধানীর একটি ব্যস্ত মার্কেটে বিস্ফোরণে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। জয়েন্ট পুলিশ কমিশনার অজয় কাশায়াপ বলেন, "বিস্ফোরণে একটি ছেলে ও একটি মেয়ে নিহত হয়েছে।" এর আগে পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, "আমরা খবর পেয়েছি একটি ছেলে নিহত হয়েছে।" বিস্ফোরকটি বোমা ছিল বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, "বিস্ফোরণের বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। বিস্ফোরণস্থলে ওই সময় উপস্থিত মানুষ দেখেছে, দুইজন একটি মোটর সাইকেলে এসে একটি প্লাস্টিকের ব্যাগ ছুড়ে আবার চলে যায়। এরপরই বিস্ফোরণ ঘটে।" স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দিল্লির দক্ষিণাংশে একটি ফুলের বাজারে এই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরকটি তেমন শক্তিশালী ছিল না। টেলিভিশন চিত্রে দেখানো হয়, পুলিশ বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে। এ সময় অনেকে পুলিশকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আহতরা অনেকে রক্তমাখা জামাকাপড়ে ঘোরাফেরা করছে। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, শহরের বেশিরভাগ মার্কেট থেকে মানুষজনকে চলে যেতে বলা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত ও কমপক্ষে একশ মানুষ আহত হয়। ইনডিয়ান মুজাহিদিন নামে একটি সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। ভারতে গত কয়েক বছরে মসজিদ-মন্দির থেকে শুরু করে ট্রেনে এ ধরণের অনেকগুলো বোমা বিস্ফোরণে কয়েকশ' মানুষ নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ঘটনার জন্য বরাবর জঙ্গিদের দায়ী করে এসেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫০ ঘ.