২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে অটল বুশ

ইসরায়েল এ বছরের প্রথম দিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকি দিলেও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ হামলা সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন। বুশ এ অবস্থানে অটল এবং ক্ষমতায় থাকা পর্যন্ত তার অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্রিটেনের 'দ্য গার্ডিয়ান' পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল এ বছরের প্রথম দিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকি দিলেও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ হামলা সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন। বুশ এ অবস্থানে অটল এবং ক্ষমতায় থাকা পর্যন্ত তার অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্রিটেনের 'দ্য গার্ডিয়ান' পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ইউরোপীয় সরকার প্রধানের ঊর্ধ্বতন কয়েকটি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বুশ ইসরায়েলকে বলেছেন, প্রেসিডেন্সির বাদবাকী সময়ে তিনি ইরানে হামলা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পাল্টাবেন না। ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কের কূটনৈতিক সমাধানই ইসরায়েলের পছন্দ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, "সব বিকল্প পথই খোলা থাকবে।" গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েল প্রতিষ্ঠার ৬০-তম বার্ষিকী উপলক্ষে বুশ গত ১৪ মে ইসরায়েল সফরকালে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিলেন ওলমার্ট। একটি সূত্র জানিয়েছে, "সে সময়কার বৈঠকে ওলমার্ট যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাননি। যুক্তরাষ্ট্রের এ অবস্থান বুশ ক্ষমতায় থাকা পর্যন্ত পরিবর্তন হবে না।" যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর আগামী জানুয়ারি মাসে ক্ষমতা হস্তান্তর করবেন বুশ। রেগেভ আরও জানিয়েছেন, ওলমার্ট যখনই কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক করেছেন তখনই "ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার" বিষয়টি উত্থাপন করেছেন। প্রসঙ্গত, বিশ্বের চতুর্থ বৃহৎ তেল রপ্তানিকারক দেশ ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার কথা অস্বীকার করে আসছে। একইসঙ্গে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুই জ্বালানি তৈরির উদ্দেশ্যে পরিচালিত। কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচিত ইসরায়েল মনে করে, ইরান ২০১০ সালের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। আর ইরানের পরমাণু অস্ত্র হুমকির মুখে ঠেলে দিতে পারে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৪ ঘ.