ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের স্থলবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো নিয়ে মিত্র দেশদুটির মধ্যে সম্প্রতি যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে তার মধ্যেই এ ঘটনা ঘটল।
বৃহস্পতিবার পাকিস্তানের একটি সীমান্ত ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর এ ঘটনা শুরু হয়। অবশ্য আমেরিকার হেলিকপ্টার দুটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল কি-না তা নিয়ে দুদেশের কর্মকর্তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
৩ সেপ্টেম্বর দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি গ্রামে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানসহ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোয় অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচারণার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের এসব অভিযানের প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকি দিয়ে বলেছে, তারা নিজেদের রক্ষা করবে।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিউ ইয়র্কে বলেন, "আমাদের জনগণ ও প্রতিবেশীদের হামলা চালানোর জন্য আমরা যেমন জঙ্গিদেরকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না ঠিক একইভাবে আমাদের বন্ধুদের দ্বারা আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে দেব না।"
বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে ওয়াশিংটন থেকে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান জোর দিয়ে বলেছেন, তাদের হেলিকপ্টারগুলো পাকিস্তানে প্রবেশ করেনি। তিনি ঘটনাটিকে "সমস্যাকর" হিসাবে অভিহিত করে ইসলামাবাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, "হেলিকপ্টারগুলোর যাত্রাপথে কোনোভাবেই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি। আর এ ঘটনা কেন ঘটল সে বিষয়ে পাকিস্তানকে আমাদের কাছে উত্তম যুক্তি প্রদর্শন করতে হবে।"
পাকিস্তানি সেনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের সেনারা সতর্কতামূলকভাবে গুলি ছোঁড়ে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলি ছোঁড়ার সময় হেলিকপ্টারগুলো আফগানিস্তানের প্রায় এক মাইল ভেতরে টহল দিচ্ছিল।
আফগানিস্তানে আমেরিকার সামরিক অভিযান তদারকিতে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ড এর এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, "হেলিকপ্টারগুলো থেকে পাল্টা গুলি ছোঁড়া হয়নি। তবে প্রতিপক্ষকে ঠাণ্ডা করার জন্য স্থলবাহিনীর সেনারা সীমান্তের ওপারের ঘাঁটিটি লক্ষ্য করে গুলি চালায়। এরপর পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালায়। এ ঘটনা মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল।"
প্রসঙ্গত, আফগানিস্তানে ন্যাটো কমান্ডের আওতায় অভিযান পরিচালনা করছে মার্কিন সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪১১ ঘ.
bdnews24