হংকং, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শক্তিশালী টাইফুন হাগুপিট বুধবার সকালে দক্ষিণ চীনের ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। এতে সেখানকার বেশ কয়েকটি উপকূলীয় শহরে ঢুকে পড়েছে প্রবল সামুদ্রিক জোয়ারের পানি। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
টাইফুনের কবল থেকে বাঁচাতে সেখানে সর্বোচ্চ সতর্কতা সংকেত বা 'জরুরি রেড এলার্ট' জারি করে ওই অঞ্চলের প্রায় একলাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় মঙ্গলবার রাতের মধ্যেই।
চীনে আঘাত হানার আগে ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে গিয়ে দক্ষিণ চীন সাগরে শক্তি সঞ্চয় করে হাগুপিট। প্রবল এ ঝড়ের কবলে পড়ে কমপক্ষে আটজন প্রাণ হারান ফিলিপাইনে।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মায়োমিংসহ বেশ কয়েকটি উপকূলীয় শহরে আঘাত হানে টাইফুনটি। এসব শহরের সব রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে এবং প্রবল ঝড়ো বাতাসে বহু গাছপালা উপড়ে গেছে, বিজ্ঞাপনী বিলবোর্ডসহ অন্যান্য হালকা স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানির কথা জানা যায়নি।
টাইফুন হাগুপিটের করাণে ফোশান, ঝংশান, ঝুহাই, জিয়াংমেন, ইয়ংজিয়াংসহ দক্ষিণ চীনের বেশ কয়েকটি উপকূলীয় শহর প্রবল জোয়ারের কবলে পড়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এরকম জোয়ার 'শতবছরে একবার দেখা যায়'।
তারা জানায়, "প্রদেশের রাজধানী গুয়াংঝোওর একটি পানিবিদ্যুৎ কেন্দে পানির উচ্চতা হয়েছে ২ দশমিক ৭৩ মিটার, যা গত একশ বছরের মধ্যে সর্বোচ্চ।"
তবে, টাইফুনের কারণে সৃষ্ট এ প্রবল সামুদ্রিক জোয়ারের কারণে বন্যার আশঙ্কা আছে কি না সে বিষয়ে কিছু জানায়নি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএটি/এলকিউ/১৬৩২ ঘ.
bdnews24