২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ থেকে কারখানা গুটিয়ে নিতে শুরু করেছে টাটা

ভারতের শীর্ষ গাড়ি প্রস্তুতকারক কম্পানি টাটা মোটরস পশ্চিমবঙ্গের কারখানা থেকে যন্ত্রপাতি সরানো শুরু করেছে। বুধবার 'টাইমস অব ইন্ডিয়া' এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

মুম্বাই, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের শীর্ষ গাড়ি প্রস্তুতকারক কম্পানি টাটা মোটরস পশ্চিমবঙ্গের কারখানা থেকে যন্ত্রপাতি সরানো শুরু করেছে। বুধবার 'টাইমস অব ইন্ডিয়া' এ খবর জানিয়েছে। ন্যানো নামে বিশ্বের সবচেয়ে কম (১ লাখ রুপির কিছু বেশি বা ২,১৮৩ ডলার) দামের গাড়ি তৈরির জন্য অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে একটি কারখানা চালুর পরিকল্পনা নিয়েছিল টাটা মোটরস। কিন্তু কারখানাটির জন্য জমি বরাদ্দ এবং সেসব জমির প্রস্তাবিত ক্ষতিপূরণ নিয়ে সেখানকার কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে কৃষকরা সহিংস বিক্ষোভ শুরু করে। পরে এ মাসের প্রথম দিকে সিঙ্গুরে প্রকল্পের কাজ স্থগিত করে টাটা। ওদিকে, রাজ্য সরকার এবং কৃষকদের আন্দোলনে সমর্থনদানকারী বিরোধী রাজনীতিকদের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও গত সোমবার সিঙ্গুরে কারখানার দুজন নিরাপত্তারক্ষীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এর আগে এনডিটিভি প্রোফিট নিউজ চ্যানেল জানিয়েছিল, "খুব শিগগির নাটকীয় কিছু না ঘটলে" টাটা আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। তবে এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি টাটা মোটরস এর মুখপাত্র। ২ সেপ্টেম্বর সিঙ্গুরে কাজ স্থগিতের ঘোষণার সময় টাটা মোটরস জানিয়েছিল, ন্যানো গাড়ি তৈরির জন্য তারা বিকল্প জায়গা খুঁজছে। এরপর গত সপ্তাহে টাটা মটরস জানায়, কর্ণাটক রাজ্য তাদের কম্পানির জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকে ইতোমধ্যেই বাণিজ্যিক গাড়ি তৈরির একটি প্ল্যান্ট নির্মাণ শুরু করেছে টাটা মোটরস। গত সপ্তাহে টাটা মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক জানান, তারা 'সক্রিয়ভাবে' কর্ণাটকসহ বিকল্প জায়গা খুঁজছেন। একইসঙ্গে তিনি জানান, অন্যান্য রাজ্যও টাটাকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৬ ঘ.