ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান-আফগান সীমান্তে তৎপর তালেবান এবং আল কায়েদা জঙ্গিদের নির্মুলের লক্ষ্যে পাক-আফগান যৌথ বাহিনী গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হচ্ছে। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।
আফগান প্রতিরক্ষামন্ত্রী আব্দুর রাহিম বারদাক আরও জানান, ওই বাহিনীতে মার্কিন সেনাদেরও অন্তর্ভূক্ত করা হতে পারে। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে পেন্টাগনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
আফগানিস্তান তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রে সফরে গেছেন এই আফগান মন্ত্রী।
তিনি বলেন, "আমাদের একটি যৌথ সেনাবাহিনী গঠন করা উচিত, যারা সীমান্তের আফগানিস্তান এবং পাকিস্তান দু পাশেই অভিযান পরিচালনা করতে পারবে।"
অন্যদিকে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফস এর চেয়ারম্যান নৌ এডমিরাল মাইক মুলেন কংগ্রেসকে জানিয়েছেন, আফগানিস্তানে নতুন মার্কিন সেনা কৌশলের নির্দেশ দিয়েছেন তিনি। ওই কৌশলে এই প্রথমবারের মতো আফগানিস্তান এবং পাকিস্তানকে একসঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে।
আফগান মন্ত্রী জানিয়েছেন, বিগত কয়েক সপ্তাহে আফগান সরকার যৌথ টাস্ক ফোর্স গঠন বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। তিনি বলেন, "তারা বিষয়টি বিবেচনা করে দেখছে বলে জানিয়েছে।"
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে ভয়াবহ ট্রাক বোমা হামলার দুদিন পর তিনি এই কথা জানান। ওই হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত এবং ২৬৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "প্রত্যেকেরই অনুধাবন করা উচিত আমাদের শত্র" এবং হুমকি একই এবং আমাদের লক্ষ্যও একটা।"
তিনি আরও জানান, ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আফগানিস্তানে সহিংসতার পরিমাণ তিনগুণ বেড়ে গেছে। তিনি বলেন, "২০০৮ সাল সর্বোচ্চ সহিংসতার বছর হতে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৫৫ ঘ.
bdnews24