২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে তারো আসোকে বেছে নিল জাপানের ক্ষমতাসীন দল

জাপানের ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য দলীয় নেতা হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে বেছে নিয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

টোকিও, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - জাপানের ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য দলীয় নেতা হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে বেছে নিয়েছে সোমবার। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা পার্লামেন্টের অচলাবস্থার মধ্যে এ মাসে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তারো আসো। ৬৮ বছর বয়সী আসো সোমবার তার দলের চার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে এলডিপি'র নতুন নেতা নির্বাচিত হন। দলের নির্বাচনী কর্মকর্তা হিদেউ উসুয়ি ভোট শেষে জানান, এমপি এবং আঞ্চলিক নেতাদের ৫২৭ ভোটের মধ্যে ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারো আসো। মাত্র ৬৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান লাভ করেছেন 'ইকোনমিক এন্ড ফিসকাল পলিসি' মন্ত্রী কাওরো ইয়াসোনো। তৃতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষ মন্ত্রী উরিকো কোইকে। তিনি নির্বাচিত হলে তিনি হতে পারতেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। আগামী বুধবার পার্লামেন্ট ভোটে তারো আসোর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। কেননা পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি'র বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে নিজের জনপ্রিয়তা প্রমাণ করে ক্ষমতা সুসংহত করতে অচিরেই দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন তারো আসো। সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১২ ঘ.