২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোল্ডিং কোম্পানি হচ্ছে গোল্ডম্যান স্যাক্স ও মর্গান স্ট্যানলি

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুটি ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স ও মর্গান স্ট্যানলি রোববার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রিত হোল্ডিং কোম্পানিতে পরিণত হওয়ার অনুমোদন পেয়েছে। এর ফলে ব্যাংক দুটি প্রচলিত বিনিয়োগ ব্যাংকের মডেল থেকে বেরিয়ে এলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ওয়াশিংটন/ফিলাডেলফিয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুটি ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স ও মর্গান স্ট্যানলি রোববার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রিত হোল্ডিং কোম্পানিতে পরিণত হওয়ার অনুমোদন পেয়েছে। এর ফলে ব্যাংক দুটি প্রচলিত বিনিয়োগ ব্যাংকের মডেল থেকে বেরিয়ে এলো। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্স এর দেউলিয়া ঘোষণার পর দেশটির চলমান অর্থনৈতিক অস্থিরতার কবল থেকে রক্ষা পেতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া এর মাধ্যমে সরকার বিনিয়োগ ব্যাংক দুটিকে তাদের নিরাপত্তা বেস্টনীর মধ্যে নিয়ে এলো বলেও মনে করছেন অনেকে। হোল্ডিং কোম্পানিতে পরিণত হওয়ার সুবাদে গোল্ডম্যান স্যাক্স ও মর্গান স্ট্যানলি সহজেই বিনিয়োগকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ এবং ছোট ছোট ব্যাংক ক্রয়ের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক খোলার মাধ্যমে আরও বেশি তহবিল সংগ্রহ করতে পারবে। গোল্ডম্যান ও মর্গান এর আবেদনের প্রেক্ষিতে রোববার ফেডারেল রিজার্ভ বিনিয়োগ ব্যাংক দুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার এ অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪০ ঘ.