জেরুজালেম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের পদত্যাগের পর নতুন একটি জোট সরকার গঠনের উদ্দেশ্যে রোববার সংসদীয় দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট শিমন পেরেজ।
দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট রোববার প্রেসিডেন্ট পেরেজের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এর চারদিন আগে ক্ষমতাসীন কাদিমা পার্টির দলীয় নির্বাচনে দলটির প্রধান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি।
পেরেজ তার জেরুজালেমের বাসভবনে সাংবাদিকদের বলেন, "আজ রাতে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আমার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।"
ওলমার্টের পদত্যাগের ঘোষণার পর প্রেসিডেন্ট পেরেজ ইসরায়েলের প্রধান চারটি দল কাদিমা, লেবার, লিকুদ এবং শাস এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। সোমবার তার অন্য নয়টি দলের সঙ্গে আলোচনা করার কথা।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পেরেজ সোমবার একজন দলীয় নেতাকে পরবর্তী সরকার গঠন করার জন্য মনোনীত করবেন। তিনি সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী লিভনি।
নতুন সরকার গঠনের জন্য পেরেজ লিভনিকে মনোনীত করলে তিনি জোট গঠনের জন্য ৪২ দিন সময় পাবেন। আর ৪২ দিনের মধ্যে লিভনি জোট গঠনে সফল হলে গোল্ডা মায়ারের পর তিনিই হবেন ইসরায়েলের নারী প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৩৪ ঘ.
bdnews24