জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকিকে ক্ষমতা থেকে সরানোর পর ভেঙে যেতে পারে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ২০০৯ সালের নির্বাচনে এমবেকির সমর্থকরা এএনসি থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচন করতে পারে। দেশটির সানডে টাইমস পত্রিকা রোববার একথা জানিয়েছে।
এএনসি জাতীয় কার্যনির্বাহী কমিটি এমবেকিকে প্রেসিডেন্টের পদ ছাড়ার আহ্বান জানানোর পর গত শনিবার তিনি পদত্যাগ করতে রাজি আছেন বলেন জানান।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "এএনসি'র জাতীয় নির্বাহী কমিটি এমবেকিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এএনসি'র এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগে বাধ্য। সকল সাংবিধানিক নিয়মনীতি রক্ষা করেই তিনি পদত্যাগ করবেন।"
নেলসন ম্যান্ডেলার কাছ থেকে ১৯৯৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন এমবেকি। আগামী বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা।
এমবেকির প্রতিদ্বন্দ্বী এএনসি নেতা জ্যাকব জুমার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় বড় ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে বলে বিচারকদের রায়ের এক সপ্তাহের মধ্যে এমবেকির এই পতন ঘটল। এমবেকির পদত্যাগের পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের অগ্রগণ্য প্রার্থী জুমা।
যদিও এমবেকি কোনো চ্যালেঞ্জ না দিয়ে স্বেচ্ছায় সরে দাঁড়াতে রাজি হলেও জুমার মন্ত্রিপরিষদে থাকার পরিবর্তে পদত্যাগের হুমকি দিয়েছেন কয়েকজন মন্ত্রী।
সানডে টাইমস জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী মসিউয়া লেকোতা, উপ-প্রতিরক্ষামন্ত্রী মলুলেকি জর্জ এবং এমবেকির অন্যান্য অনুগতরা মিলে নতুন দল চালু করার পরিকল্পনা করছে। এ নিয়ে তার চলতি সপ্তাহেই আলোচনায় বসতে যাচ্ছে।
মলুলেকি জর্জ সানডে টাইমসকে বলেন, "এই মুহূর্তে এ নিয়ে কথা বলার মতো অবস্থানে আমি নেই। তবে অল্প কয়েক দিনের মধ্যেই আপনার সবকিছু জানতে পারবেন।"
ডেপুটি প্রেসিডেন্ট ফুমেজাইল ম্লামবো-নাগচুকা ইতিমধ্যে হুমকি দিয়েছেন এমবেকির সঙ্গে তিনিও পদত্যাগ করবেন এবং অন্যরাও তাকে অনুসরণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২৫ ঘ.
bdnews24