শ্রীনগর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে শনিবার পুলিশের সঙ্গে মুসলিম বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ একথা জানিয়েছে।
কাশ্মিরের ওপর থেকে ভারতীয় শাসনের অবসনের দাবিতে বিক্ষোভ করছে মুসলিমরা। এ দাবিতে শনিবার তারা কাশ্মিরে একদিনের ধর্মঘটের ডাক দেয় এবং লোকজনকে দোকান ব্যবসা ইত্যাদি বন্ধ করে রাখতে বাধ্য করে।
পুলিশের এক মুখপাত্র জানায়, শ্রীনগরের বিক্ষোভকারীরা দোকানপাট বন্ধ করার চেষ্টাকালে পুলিশ তাদের বাধা দেওয়ায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় শত শত বিক্ষোভকারী পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে। এতে ১০ পুলিশ এবং ২৫ বিক্ষোভকারী আহত হয়।
কাশ্মিরের ব্যবসায়ী এবং আইনজীবীদের সমন্বয়ে গড়ে ওঠা 'জম্মু-কাশ্মির কোঅরডিনেশন কমিটি' নামের নতুন একটি মুসলিম বিচ্ছিন্নতাবাদী জোট শনিবারের ওই ধর্মঘট আহ্বান করে।
অমরনাথ মন্দির ট্রাস্টকে ৯৯ একর জমি বরাদ্দ দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা নতুন দিল্লির শাসন বিরোধী বিক্ষোভে রূপ নেয়। কাশ্মীরে গত এক মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪০ বিক্ষোভকারী নিহত হয়। আহত হয় ৬ শ'রও বেশি মানুষ। ১৯৮৯ সালে নতুন দিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ চলছে সেখানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১১ ঘ.
bdnews24