জেনেভা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ পরীক্ষা কমপক্ষে দুই মাসের জন্য স্থগিত করেছে গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ' (সার্ন)। শনিবার তারা জানিয়েছে, যান্ত্রিক ত্র"টির কারণে পরীক্ষার প্রধান যন্ত্র 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি) এর কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা মনে করছেন, জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির ১০০ মিটার নীচে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার সুড়ঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় এ বৈজ্ঞানিক পরীক্ষায় মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকিত অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।
তবে এ পরীক্ষার কারণে সেখানে ব্ল্যাক হোল তৈরি হয়ে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে যে গুজব রটেছে তা নাকচ করে দিয়েছেন স্টিফেন হকিংসহ এ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা।
শনিবার সার্ন জানিয়েছে, ১০ দিন আগে এলএইচসি সফলভাবে চালু হলেও শুক্রবার একটি ছিদ্র দিয়ে সুড়ঙ্গের ভেতরে বিপুল পরিমাণ হিলিয়াম ঢুকে পড়ায় এর কার্যক্রম বন্ধ রয়েছে।
সার্ন জানিয়েছে, তারা মনে করছেন এ যাবত তৈরি সবচেয়ে বড় ও জটিল যন্ত্র এলএইচসির দুটি চুম্বকের মধ্যে বৈদ্যুতিক গোলযোগ হয়ে সেগুলো গলে এ যান্ত্রিক সমস্যা হয়ে থাকতে পারে।
সার্নের মুখপাত্র জেমস গিলিস বলেন, এখন সমস্যা নির্ধারণ করতে হলে এটিকে এর পরিচালান তাপমাত্রা মাইনাস ২৭১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণ করতে হবে।
তিনি বলেন, "কারণ এলএইচসি হচ্ছে একটি সুপারকনডাকটিং মেশিন, যা খুব কম তাপমাত্রায় কাজ করে। যন্ত্রটির ভেতরে ঢুকে সমস্যা ধরতে হলে আমাদেরকে এটি উষ্ণ করতে হবে। তারপর আমরা এর ভেতর ঢুকে সমস্যা সারব এবং পুনরায় এটিকে শীতল করব। আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে সম্ভবত দুই মাস সময় লাগবে।"
সার্ন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো মানুষ যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বজায় রাখা ও নিয়ম মানা হচ্ছে।
এর আগে ১০ সেপ্টেম্বর এলএইচসি সফলভাবে চালু হয়। সেদিন সুড়ঙ্গের একদিক দিয়ে প্রোটন কণা রশ্মি ২৭ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার টানেলটি ঘুরে আসে। এবং পরের দিন সুড়ঙ্গের বিপরীত থেকেও কণা রশ্মি ছুড়ে সফল হন বিজ্ঞানীরা।
বিপরীত দিক থেকে কণা রশ্মি ছোঁড়ার এ প্রাথমিক পরীক্ষার লক্ষ্য ছিল চূড়ান্ত পরীক্ষার জন্য যন্ত্রটির সুড়ঙ্গ পরিষ্কার আছে কি-না তা যাচাই করা।
কেননা, বিগ ব্যাং এর একেবারে শুরুর মুহূর্তগুলোয় কী কী ঘটেছিল তা জানতে মেশিনটির ভেতরে আলোর গতির কাছাকাছি গতিতে বিপরীত দিক থেকে প্রোটন কণা রশ্মির সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে প্রায় ১৫ বিলিয়ন বছর আগে ছোট্ট একটি মুদ্রার মতো বস্তুর ওই মহাবিস্ফোরণে (বিগ ব্যাং) গঠিত হয় মহাবিশ্বের সব গ্রহ-নক্ষত্র। তারই ধারাবাহিকতায় আমাদের পৃথিবীতে বিকাশ হয় প্রাণের।
পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের সুপারসিমেট্রি, কৃষ্ণবস্তু ও কৃষ্ণশক্তির মতো অন্যান্য বিষয়ের রহস্য জানাও এ গবেষণার লক্ষ্য।
জ্যোতির্বিদদের ধারণা, ছায়াপথ, গ্যাস, নক্ষত্র ও পৃথিবীর মতো জিনিসগুলো মহাবিশ্বের মাত্র চার শতাংশ। আর বাকি ২৩ শতাংশ হচ্ছে কৃষ্ণবস্তু এবং ৭৩ শতাংশ হচ্ছে কৃষ্ণশক্তি। বিজ্ঞানীরা আশা করছেন, এলএইচসি'র এ পরীক্ষায় মহাবিশ্বের এই বিস্ময়কর "বিষয়ের" প্রকৃতি সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭১৩ ঘ.
bdnews24