২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪৩ জন নিহত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি অবৈধ নাইটক্লাবে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরও ৮৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 06:02 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বেইজিং, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি অবৈধ নাইটক্লাবে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরও ৮৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। স্থানীয় পুলিশ জানায়, প্রদেশের শেনঝেন শহরের লংগ্যাং জেলার 'কিং অফ দ্য ড্যান্সার্স' ক্লাবের তৃতীয় তলায় আতশবাজি থেকে শনিবার মধ্যরাতের আগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিনহুয়া জানিয়েছে, এ সময় ক্লাবটিতে কয়েকশ' লোক ছিল। বিবিসি জানিয়েছে, এ সংখ্যা ছিল প্রায় এক হাজার। সিনহুয়া জানিয়েছে, পুলিশ নাইটক্লাবটির মালিককে জিজ্ঞাসাবাদ করছে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো মামলা করা হয়নি। হংকং সীমান্তের কাছের শেনঝেন শহরের নাইটক্লাবটির কর্মী ইয়ং ঝির বরাত দিয়ে সিনহুয়া আরও জানিয়েছে, আতঙ্কিত লোকজন তড়িঘড়ি করে ক্লাবের ১০ মিটার সরু একটি পথ দিয়ে বের হওয়ার সময় পায়ের নিচে চাপা পড়ায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের ৫১ জন এখন বিপদমুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৪০ ঘ.