২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে হোটেলে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে শনিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে শনিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বিস্ফোরণের পর ম্যারিয়ত নামের ওই হোটেলটিতে আগুন ধরে যায়। টেলিভশন চিত্রে দেখা যায় হোটেলের একাধিক অংশে আগুন জ্বলছে এবং ভেতর থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে। পাকিস্তান তার ভূখণ্ডে বর্হিআক্রমন সহ্য করবে না বলে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির হুশিয়ারির কিছুক্ষণ পরই এই বিস্ফোরণ ঘটল। প্রেসিডেন্ট হওয়ার পর পার্লামেন্ট অধিবেশনে শনিবার প্রথমবারের মতো ভাষণ দেন জারদারি। বিস্ফোরণস্থলে উপস্থিত এক সাংবাদিক সিএনএন টেলিভিশনকে জানান, আশঙ্কা করা হচ্ছে প্রায় দুইশ' মানুষ হোটেলের মধ্যে আটকে আছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, "একটি গাড়ি ছুটে এসে হোটেলের বাইরে ব্যারিকেডে ধাক্কা দেওয়ার পরপরই বিস্ফোরণটি ঘটে।" এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে তিনি জানান। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি হোটেলের দুই অংশে আগুন জ্বলতে দেখেছেন। বিস্ফোরণে হোটেলের বাইরে রাস্তায় পার্কিং করে রাখা কমপক্ষে ২০টি গাড়ি সম্পূর্ণ ধংস হয়ে গেছে বলে তিনি জানান। টেলিভিশন চিত্রে পরে দেখানো হয়, সিটি সেন্টারের কাছাকাছি ২৯০ কক্ষের ওই হোটেলের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। হোটেলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণে হোটেল লবি ও ডাইনিং এলাকার ছাদ ধসে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪০ ঘ.