২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনের নামে হামলা পাকিস্তান সহ্য করবে না: জারদারি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে পাকিস্তানের অভ্যন্তরে আগ্রাসন চালানো হলে পাকিস্তান তা সহ্য করবে না। পাস্তিানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শনিবার এই হুশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে পাকিস্তানের অভ্যন্তরে আগ্রাসন চালানো হলে পাকিস্তান তা সহ্য করবে না। পাস্তিানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শনিবার এই হুশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে অধিবেশনে প্রথম ভাষণে জারদারি আরও বলেন, "প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের শন্তিপূর্ণ অবস্থান প্রয়োজন এবং ভারতের সঙ্গে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।" অভিশংসনের হুমকির মুখে গত আগস্টে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের পর চলতি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী জারদারি। প্রেসিডেন্ট হওয়ার পর জারদারি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তানের অবস্থান অপরিবর্তীত থাকবে। তবে চলতি মাসেই পাকিস্তানের সীমন্তবর্তী অঞ্চলে মার্কিন সেনাদের ছয়দফা ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পাকিস্তানের এ এলাকাটি আল কায়েদা ও তালেবান জঙ্গিদের নিরাপদ ঘাঁটি বলে অভিযোগ করে আসছে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন কমান্ডাররা। তবে মার্কিন বাহিনীর হামলার কথা উল্লেখ না করে জারদারি বলেন, "সন্ত্রাসবাদ দমনের নামে কোনো পক্ষ পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করলে আমরা তা সহ্য করব না।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী মঙ্গলবার জারদারির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি তাদের মধ্যে এ বৈঠক হওয়ার কথা আছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো গত শুক্রবার বলেন, "বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করবেন।" তিনি জানান, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা, পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি এবং গণতন্ত্র শক্তিশালী করার বিষয় নিয়েও তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ ঘ.