২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হলেন থাকসিন ভগ্নিপতি সমচাই

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ভগ্নিপতি সমচাই অংসাওয়াত। বুধবার পার্লামেন্টের ভোটে সংখ্যাগরিষ্ঠাতা অর্জন করার মাধ্যমে থাই সরকারের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সমচাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ভগ্নিপতি সমচাই অংসাওয়াত। বুধবার পার্লামেন্টের ভোটে সংখ্যাগরিষ্ঠাতা অর্জন করার মাধ্যমে থাই সরকারের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সমচাই। থাইল্যান্ডের ক্ষমতাসীন ছয়দলীয় জোট সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিনের পুতুল সরকার হিসেবে অভিহিত করে আসছে বিরোধী পিপল'স এ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)। তারা এ সরকারের পদত্যাগের দাবিতে তিন সপ্তাহ ধরে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। এমন প্রেক্ষাপটে থাকসিনের ছোট বোনের স্বামী ৬১ বছর বয়সী সমচাই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিরোধীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে গত মঙ্গলবার সামাক সুন্দরাভেজ প্রধানমন্ত্রীর পদ হারালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন সমচাই। থাকসিনের ভগ্নিপতি সমচাই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়ে পিএডির কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সমচাইয়ের নিয়োগের বিষয়টিও প্রত্যাখ্যান করেছিল পিএডি। সমচাই মঙ্গলবার বলেন, তার প্রথম কাজ হবে ২০০৫ সাল থেকে শুরু হওয়া থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার সমাধান করা। তিনি বলেন, "জনগণ চলমান পরিস্থিতি নিয়ে বিরক্ত। এই পরিস্থিতির উত্তরণ আমাদের ছয়দলীয় জোটের অঙ্গীকার।" এসময় সমচাই অংসাওয়াতের সঙ্গে থাকসিনের ছোট বোন এবং তার স্ত্রী ইয়াওয়াপা উপস্থিত ছিলেন। ওদিকে, থাইল্যান্ডের একটি আদালত বুধবার জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়ত্রা এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার বিষয়ে আদলত যে আদেশ দিয়েছে তা স্থগিত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪২০ ঘ.