২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ফেডারেল রিজার্ভ এর হস্তক্ষেপে রক্ষা পেল এআইজি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এর হস্তক্ষেপে এ যাত্রায় দেউলিয়া হওয়ার কবল থেকে রক্ষা পেল দেশটির বৃহত্তম বীমা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল গ্র"প বা এআইজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 07:49 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এর হস্তক্ষেপে এ যাত্রায় দেউলিয়া হওয়ার কবল থেকে রক্ষা পেল দেশটির বৃহত্তম বীমা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল গ্র"প বা এআইজি। ফেডারেল রিজার্ভ মঙ্গলবার বীমা প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য ৮৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার একটি প্যাকেজ ঘোষণা করেছে। বিনিময়ে তারা বীমা প্রতিষ্ঠানটির ৭৯ দশমিক ৯ শতাংশ মালিকানা নিয়ে নেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের ধসে বিশ্ব অর্থনীতির বাজারে শেয়ারের ব্যাপক দরপতনের পর বিশ্বের অন্যতম এ বীমা প্রতিষ্ঠানকে রক্ষার উদ্যোগ নিল মার্কিন সরকার। বন্ধকী ব্যাংক লেম্যান ব্রাদার্স সোমবার নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করার পর তার প্রভাব পড়ে এশিয়া ও ইউরোপসহ বিশ্বের শীর্ষ শেয়ার বাজারগুলোয়। ওদিকে, ব্রিটিশ ব্যাংক বার্কলেস জানিয়েছে, লেম্যানের যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং এবং মূলধন বাজারের ব্যবসাগুলো কেনার বিষয়ে তাদের সঙ্গে একটি চুক্তি হয়েছে। তবে ২৫০ মিলিয়ন ডলারের এ চুক্তি বাস্তবায়ন করতে হলে দেউলিয়া আদালতের অনুমোদন নিতে হবে বার্কলেসকে। আর এটা হলে বার্কলেস যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম বিনিয়োগ ব্যাংকে পরিণত হবে। লেম্যানের নিউ ইয়র্ক সদর দপ্তর এবং নিউ জার্সিতে অবস্থিত দুটি তথ্য কেন্দ্রও দেড় বিলিয়ন ডলারের বিনিময়ে কেনার চিন্তা-ভাবনা করছে বার্কলেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩৩৭ ঘ.