ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা দল দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে সরিয়ে নতুন নেতা বেছে নেওয়ার জন্য নির্বাচন অনুষ্ঠান করবে। তার উত্তরাধিকারী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পররাষ্ট্রমন্ত্রী জিপ্পি লিভনি ও পরিবহনমন্ত্রী শাউল মোফাজ।
এহুদ ওলমার্ট বলেছেন, উত্তরাধিকারী মনোনীত হলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন।
দুর্নীতির অভিযোগ তদন্তের মুখে চলতি বছরের জুলাই মাসে পদত্যাগের পরিকল্পনার কথা প্রকাশ করেন ওলমার্ট।
তবে নতুন একটি জোট সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। এজন্য কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
লিভনির সমর্থকদের প্রত্যাশা, বুড়িয়ে আসা পুরুষ সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্যপুষ্ট এবং কেলেঙ্কারীতে জর্জরিত দলে নতুন প্রাণপ্রবাহ আনবেন মোসাদের এই সাবেক মহিলা গোয়েন্দা। তবে সমালোচকরা তার রাজনৈতিক অভিজ্ঞতাহীনতার কথা তুলে ধরেছেন।
অন্যদিকে শাউল মোফাজ নিরাপত্তা প্রশ্নে বেশি ডানঘেঁষা বলে মনে করা হয়। সাবেক এই সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন।
কাদিমা ২০০৬ সালের মার্চে নির্বাচনে জিতে লেবার দলের সঙ্গে জোট সরকার গঠন করে। সে বছরেরই জানুয়ারি মাসে এরিয়েল শ্যারনের স্ট্রোক হলে এহুদ ওলমার্ট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৩৩ঘ.
bdnews24