সউল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম উপকূলের নির্মাণাধীন উৎক্ষেপক ঘাঁটি থেকে নতুন একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির একটি সংবাদপত্র একথা জানিয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে চোসান ইলবো নামের ওই সংবাদপত্রটি জানায়, উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো নতুন এই উৎক্ষেপকটি পুরো দক্ষিণ কোরিয়ায় এবং জাপানের বেশির ভাগ অংশে আঘাত হানতে সক্ষম।
সংবাদপত্রটি জানায়, "যুক্তরাষ্ট্রের কেএইচ-১২ পর্যবেক্ষণ উপগ্রহে ধরা পড়েছে উত্তর কোরিয়া এ বছর তংচ্যাং-রিতে একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে।"
তারা আরও জানায়, "তংচ্যাং-রি পরীক্ষা স্থানটি কয়েক বছর ধরেই নির্মাণাধীন রয়েছে এবং উৎক্ষেপক পরীক্ষা চালানো স্থানটিতে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে।"
তবে, তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা ।
এছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ওই সংবাদপত্রটি জানায়, উত্তর কোরিয়া-চীন সীমান্তের প্রায় ৩০ মাইল দূরে তারা একটি নতুন ক্ষেপণাস্ত্র ক্ষেত্র তৈরির কাজ প্রায় সম্পন্ন করে এনেছে।
সিএনএন'র বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই ক্ষেপণাস্ত্র ক্ষেত্রটি উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র 'তায়পোডং-২' এর পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৯ ঘ.
bdnews24