ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী ও বিতর্কিত গোয়েন্দা সংস্থা 'ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স' বা আইএসআই'র সংস্কার করা প্রয়োজন বলে সোমবার মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রিচার্ড বাউচার।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত বাউচার আইএসআই'র সংস্কারের বিষয়ে বলেন, "এটা করতে হবে।"
সংস্কারের কোনো আলামত দেখতে পেয়েছেন কি-না, এ প্রশ্নের জবাবে রয়টার্সকে তিনি বলেন, "না, সুনির্দিষ্টভাবে এ বিষয়ে আমার কাছে এমন কোনো তথ্য নেই যা আমি এখন উল্লেখ করতে পারি।"
প্রসঙ্গত, পাকিস্তানের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা 'আইএসআই' আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করা সত্ত্বেও মার্কিন কর্মকর্তাদের অনেকে মনে করেন, সংস্থাটি এখনও তালেবান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলায় মদদদেওয়া অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রেখেছে।
এছাড়া, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত জুলাই মাসে অভিযোগ করেন, কাবুলে ভারতীয় দূতাবাসে একটি আত্মঘাতী হামলাসহ তার দেশে কিছু সহিংসতার পেছনে জড়িত পাকিস্তানি গোয়েন্দারা। ভারতও ওই হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১৭ ঘ.
bdnews24