ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্টের পাঁচ জন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সোমবার তারা বলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে এ দায়িত্ব নিতে হবে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বরাবরই ইরানকে 'শয়তানের অক্ষ' দেশের অন্যতম হিসেবে অভিহিত করেছেন এবং প্রয়োজনে সেখানে সামরিক অভিযান চালানোর বিষয়ে হুমকি দিয়ে এসেছেন। তাদের মতে এর বদলে পরবর্তী প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে আলোচনা করতে হবে।
রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রশাসনে কাজ করা এই মন্ত্রীরা জানান, আলোচনায় না বসে ইরানের ওপর মার্কিন সামরিক অভিযান পরিচালনা করলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না। তাই তারা মনে করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধের কৌশলের অংশ হিসেবে আলোচনাকে গুরুত্ব দেওয়া উচিৎ।
বিভিন্ন সময়ে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টর অধীনে কাজ করা এই সাবেক মন্ত্রীরা হলেন কলিন পাওয়েল, মেডেলিন অলব্রাইট, ওয়ারেন ক্রিস্টোফার, জেমস বেকার এবং হেনরি কিসিঞ্জার।
ডেমোক্র্যাট বিল ক্লিনটন প্রশাসনের (১৯৯৩-১৯৯৭) পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার বলেন, "সত্যিকার অর্থে সামরিক অভিযান হবে খুবই দুর্বল সিদ্ধান্ত। আমরা ওই পথে যেতে চাই না।"
সাবেক রিপাবলিকান পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বুশ প্রশাসনের প্রথম দফায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। তার সময়ে ইরানের সঙ্গে নিম্নস্তরের কর্মকর্তা পর্যায়ে ২০০৩ সাল পর্যন্ত আলোচনা হয় এবং 'পরে তা বন্ধ' হয়ে যায়।
পাওয়েল 'দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি' এর একটি অনুষ্ঠানে বলেন, "আমি মেডেলিনের সঙ্গে একমত পোষণ করছি এবং আমার অন্য সহকর্মীদের মতো আমিও বিশ্বাস করি আমাদের আলোচনা করা উচিত।"
যুক্তরাষ্ট্রের তালিকায় 'সন্ত্রাসের মদদ দাতা' দেশ হিসেবে ইরানের নাম রয়েছে। ২০০২ সাল থেকে প্রেসিডেন্ট বুশ ইরানকে শয়তানের অক্ষ হিসেবে আখ্যায়িত করে আসছেন। পরমাণু বোমা তৈরি চেষ্টার অভিযোগে দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি কখনও নাকচ করে দেননি তিনি। এছাড়াও ইরানি শাসকরা ইরাকের শিয়া বিদ্রোহীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে এমন অভিযোগও করে থাকে ওয়াশিংটন। তবে ইরান ওয়াশিংটনের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৫ ঘ.
bdnews24