২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে মুগাবে ও বিরোধীদের ক্ষমতা-ভাগাভাগি চুক্তি স্বাক্ষর

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং প্রধান বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাই ও বিরোধী দলের অপর অংশের মধ্যে সোমবার বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তি স্বাক্ষর হয়েছে। যুগান্তকারী এ চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

হারারে, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং প্রধান বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাই ও বিরোধী দলের অপর অংশের মধ্যে সোমবার বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তি স্বাক্ষর হয়েছে। যুগান্তকারী এ চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হবে বলে আশা করা হচ্ছে। কয়েক মাস ধরে চলতে থাকা সমঝোতা প্রয়াসের শেষে সোমবার রাজধানী হারারের একটি হোটেলে মুগাবের নেতৃত্বাধীন জানুপিএফ এবং প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ এর নেতা মরগান স্যাঙ্গেরাই ও বিরোধী দলটির অপর অংশের নেতা আর্থার মুতামবারার মধ্যে ওই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় মরগান স্যাঙ্গেরাই দেশটির প্রধানমন্ত্রী হবেন এবং মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন মুগাবে। চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ। এ চুক্তির ফলে মুগাবের একচেটিয়া ক্ষমতার প্রধান মদদদাতা দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর প্রেসিডেন্টের একক আধিপত্যের অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চান সাবেক গেরিলা নেতা মুগাবে। সেক্ষেত্রে পুলিশ বাহিনীর ওপর নিয়ন্ত্রণ থাকবে প্রধানমন্ত্রীর, অর্থাৎ স্যাঙ্গেরাইয়ের। জিম্বাবুয়ের এ ঐতিহাসিক ক্ষমতা-ভাগাভাগি চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি - তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকুয়েতে, সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় মাসওয়াতি এবং চুক্তির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২১০৩ ঘ.