ব্যাংকক, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে সোমবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ভগ্নিপতি সমচাই অংসাওয়াতকে মনোনীত করেছে। বুধবার থাই পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে এ ভোট হওয়ার কথা।
টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ হারান সামাক সুন্দরাভেজ। তারপর থেকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী সমচাই।
আদালত সামাকের পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে কোনো বিধি-নিষেধ আরোপ করেনি।
আদালতের ওই রায়ে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতাসীন জোট ৩০ দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
ক্ষমতাসীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিনের পুতুল সরকার হিসেবে অভিহিত করে আসছে বিরোধী পিপল'স এ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)। এমন প্রেক্ষাপটে থাকসিনের ছোট বোনের স্বামী ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন পিএডি'র নেতা-কর্মীরা।
গত তিন সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখা পিএডি বলেছে, কোনো সন্দেহ নেই যে লন্ডনে নির্বাসিত থাকসিনই নেতৃত্ব দেবেন।
পিএডি নেতা সোমসাক কোসাইসুক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "সমচাই কে তা আমরা সবাই জানি। সামাক ছিল শুধু একজন মনোনীত ব্যক্তি। থাকসিন পরিবারের সঙ্গে সম্পর্কিত সমচাই-ই হচ্ছেন সত্যিকারের অভিনেতা।"
তিনি বলেন, "আমরা তাকে 'বেনিফিট অফ ডাউট' এর কোনো সুযোগ দেব না।"
এর আগে রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।
সরকার ও বিরোধী গ্র"পের মধ্যে সহিংসতা বন্ধে ১২ দিন আগে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সমচাই এক সংবাদ সম্মেলনে বলেন, "সহিংসতা কমে এসেছে। এই অবস্থায় এখনো জরুরি অবস্থা জারি থাকলে দেশের ক্ষতি হবে। কাজেই আমি জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।"
পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। তখন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৫৪ ঘ.
bdnews24