২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাস উপকূলে ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্বল হয়ে পড়েছে আইক

যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ টেক্সাস উপকূলে ধ্বংসযজ্ঞ চালিয়ে রোববার দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী হারিকেন আইক। ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়ে এটি এখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

হাউস্টন, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ টেক্সাস উপকূলে ধ্বংসযজ্ঞ চালিয়ে রোববার দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী হারিকেন আইক। ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়ে এটি এখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর আগে শনিবার ভোররাতে প্রবল বাতাস ও জলোচ্ছ্বাস নিয়ে টেক্সাস উপকূলে আঘাত হানে শক্তিশালী এ হারিকেন। এতে রাজ্যের সবচেয়ে বড় এবং যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হাউস্টনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগর তীরবর্তী শহরগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ। তবে এতে এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হারিকেন আইক তার গতিপথে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা নিরূপণের কাজ শুরু করেছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, এর আঘাতে আট থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে। হাউস্টনের কাছের প্রাচীর দ্বীপ হিসেবে পরিচিত গ্যালভেস্টন শহরে শনিবার ভোররাত দুইটার পর ঘণ্টায় ১১০ মাইল (১৭৫ কিলোমিটার) বেগে আঘাত হানে আইক। এতে দ্বীপ শহরটি পুরোপুরি প্লাবিত হয়ে পড়েছে। ঝড়ে উপকূলীয় শহরগুলোর বড় বড় ভবনের কাঁচের জানালা ভেঙ্গে চুরমার হয়ে যাওয়াসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের 'ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি'র প্রশাসক ডেভিড পলিসন বলেন, "এই হারিকেন টেক্সাস ও লুইজিয়ানাজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।" আইক শনিবার ভোররাতে উপকূলে আঘাত হানার আগে সেখানকার প্রায় ২০ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা উপকূলীয় এলাকার অধিবাসীদের এখনই ফিরে না আসার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৫৭ ঘ.