২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে বন্যার আরও অবনতি

বৃষ্টির কারণে বিহারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার সেখানকার হাজার হাজার গ্রামবাসীকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

পাটনা, ভারত, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৃষ্টির কারণে বিহারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার সেখানকার হাজার হাজার গ্রামবাসীকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। গত মাসে প্রতিবেশী রাষ্ট্র নেপালের কোসি নদীর বাঁধ ভেঙ্গে বিহারে এ বন্যার সৃষ্টি হয়। এর ফলে রাজ্যটির ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, বন্যার ফলে লাখ লাখ মানুষ বেড়িবাঁধ, রাস্তা এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রের নোংরা পরিবেশে দিনযাপন করতে বাধ্য হয়েছেন। এছাড়া খাবার পানির সঙ্কটেও রয়েছেন তারা। এর ফলে বিভিন্ন সংক্রমণ এবং পানি বাহিত রোগের হুমকিতে রয়েছেন এসব বন্যাকবলিত মানুষ। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ ২০ হাজারের মতো মানুষ। কেননা, এরা তাদের সম্পদ এবং গরু-ছাগল রক্ষার জন্য বন্যা সত্ত্বেও নিজ বাড়িতেই বসবাস করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই লোকগুলো নতুন করে হওয়া বন্যার ঝুঁকির মধ্যে রয়েছেন। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা প্রত্যয় অমৃত শনিবার বলেন, "১৫ অক্টোবর পর্যন্ত বন্যার অবনতি হওয়ার আশঙ্কা থাকায় আমরা ওই সব বন্যার্ত মানুষের কাছে বেতার, লিফলেট এবং গণমাধ্যমের মাধ্যমে বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়ার আহ্বান জানিয়েছি।" অমৃত আরও জানান, কিছু এলাকায় বন্যার পানি সামান্য পরিমাণে কমতে থাকায় হাজার হাজার মানুষ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তিনি বলেন, "এ সংখ্যা খুব বেশি না হলেও তারা আমাদের বিরাট চিন্তার কারণে পরিণত হয়েছেন।" কর্মকর্তারা জানিয়েছেন, বিহারে গত ৫০ বছরের মধ্যে ভয়াবহতম এ বন্যায় রাজ্যের ৩৮ জেলার মধ্যে ১৬টি প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় আড়াই লাখ একর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে এবং কমপক্ষে ৩ লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ওদিকে, পুলিশ জানিয়েছে, শনিবার তারা আরও ১৩টি লাশ পেয়েছে। এ নিয়ে বিহারের বন্যায় নিহতের সংখ্যা হল ১৪৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৬১৬ ঘ.