নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নয়া দিল্লির কেন্দ্রস্থলে জনবহুল মার্কেট ও রাস্তায় শনিবার সন্ধ্যায় পরপর পাঁচটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে ই-মেইল পাঠিয়ে জঙ্গি গ্র"প 'ইন্ডিয়ান মুজাহিদিন' এই হামলায় দায় স্বীকার করেছে। গত কয়েক মাসে ভারতের বিভিন্ন শহরে সিরিজ বোমা হামলার দায়ও তারা স্বীকার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি বোমার বিস্ফোরণ ঘটে শহরের কানুঘাট প্যালেসের আশপাশের ডাস্টবিনে। বিদেশি পর্যটক ও স্থানীয়দের কাছে কেনাকাটার জন্য কানুঘাট প্যালেস বেশ জনপ্রিয় একটি জায়গা।
অন্য বোমাগুলোও কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয় শহরের কয়েকটি জনবহুল মার্কেটে। বোমাগুলো তেমন শক্তিশালী ছিল না। তবে সবগুলো বিস্ফোরণই হয়েছে জনবহুল স্থানে।
দিল্লির পুলিশ কমিশনার ওয়াই এস দাদওয়াল সাংবাদিকদের বলেন, "যতটুকু জানা গেছে তাতে ১৮ জন নিহত হয়েছে। বিস্ফোরিত বোমাগুলো ছিল তুলনামূলকভাবে কম শক্তিশালী।"
ভারতে গত কয়েক বছরে মসজিদ-মন্দির থেকে শুরু করে ট্রেনে এ ধরণের অনেকগুলো বোমা বিস্ফোরণে কয়েকশ' মানুষ নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ঘটনার জন্য বরাবর জঙ্গিদের দায়ী করে এসেছে সরকার।
এর আগে ভারতীয় টেলিভিশন জানায়, একটি জনবহুল মার্কেট ও একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় বিস্ফোরণগুলো ঘটেছে। টেলিভিশন চিত্রে দেখা গেছে, লোকজন ভয়ে ছোটাছুটি করছে। আহতদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে দেওয়ার চেষ্টা করছে। শতশত মানুষ সেখানে ভিড় জমিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এফএইচবি/এমএইচবি/২১৫৫ ঘ.
bdnews24