২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলেসে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত, আহত শতাধিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস এঞ্জেলেসের পশ্চিমে শুক্রবার বিকেলে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস এঞ্জেলেসের পশ্চিমে শুক্রবার বিকেলে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে লস এঞ্জেলেসের পশ্চিমে একই লাইনে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। কর্মকর্তারা আশঙ্কা করছেন, দুর্ঘটনা কবলিত ট্রেন দুটির ধ্বংসস্তুপের নীচে আরও লাশ চাপা পড়ে থাকতে পারে। লস এঞ্জেলেসের মেয়র এন্তোনিও ভিল্লারেইগোসা সাংবাদিকদের বলেন, "কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। তদন্ত কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।" তিনি বলেন, "হতাহতের সংখ্যা বাড়তে পারে। কেননা আপনারা জানেন আমরা এখনও উদ্ধার কাজ করছি।" তিনি আরও বলেন, "দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলোর ভেতরে বেশ কিছু যাত্রী আটকা রয়েছেন।" মেয়র জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের সঠিক সংখ্যা বের করতে কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। এ সংখ্যা কয়েক ডজন এবং 'সম্ভবত' শতাধিক। দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে ৩৫০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিল। তবে দুটো ট্রেন কেন একই লাইনে আসছিল সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩১৯ ঘ.