ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'কে পারিবারিক চিঠি ও কিছু আন্তর্জাতিক ম্যাগাজিন পড়তে দিতে সম্মত হয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। তার আইনজীবী শুক্রবার একথা জানিয়েছেন।
তিন সপ্তাহ ধরে বাসায় বাইরে থেকে কোনো খাবার নিতে অস্বীকার করায় ধারণা করা হচ্ছিল সু চি অনশন করছেন। তবে গত রোববার সরকার জানায় তিনি অনশন করছেন না।
আইনজীবী চি উইন জানিয়েছেন, সু চি'কে তার ডাক্তারের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, "সরকার সু চিকে তার পারিবারিক চিঠি ও নিউজউইক বা টাইমসের মতো কিছু আন্তর্জাতিক ম্যাগাজিন পড়তে দিতে রাজি হয়েছে। একই সঙ্গে তার বাসার কর্মচারী ও মেয়ের চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে গত পাঁচ বছর ধরে গৃহবন্দি আছেন শান্তিতে নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেত্রী সু চি। ইয়াঙ্গুনের একটি হ্রদের পার্শ্ববর্তী ওই বাড়ির সঙ্গে বাইরের যোগাযোগ একেবারেই নেই।
চু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) গত শুক্রবার জানিয়েছিল, তাদের নেত্রী গত তিন সপ্তাহ ধরে বাসায় কোনো খাবার নিচ্ছেন না। তাকে বন্দি রাখা এবং সাক্ষাৎপ্রার্থীদের তার বাসায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদে তিনি খাবার নেওয়া বন্ধ করে দিয়েছেন। এর ফলে তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
এনএলডি এক বিবৃতিতে জানায়, "আমরা জানিয়ে রাখছি, সু চি'র যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৫ ঘ.
bdnews24