২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিত, প্রার্থী হচ্ছেন না সামাক

থাইল্যান্ডে ক্ষমতাসীন জোটের প্রধান দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) দাবির মুখে শুক্রবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবারই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে বিরোধীদের প্রতিবাদের পরিপ্রক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে পিপিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে ক্ষমতাসীন জোটের প্রধান দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) দাবির মুখে শুক্রবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবারই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে বিরোধীদের প্রতিবাদের পরিপ্রক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে পিপিপি। টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ হারান সামাক। তবে সামাকের পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে কোনো বিধি-নিষেধ আরোপ করেনি আদালত। আদালতের ওই রায়ে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতাসীন জোট ৩০ দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। ক্ষমতাসীন জোটের অন্যান্য শরিকদের বিরোধিতা উপেক্ষা করে পিপিপি বৃহস্পতিবার সামাককে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়। কিন্তু শুক্রবার সামাকের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় পিপিপি। এর আগ পর্যন্ত সামাককে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে তারা বদ্ধপরিকর থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তারা পিছু হটে। পিপিপি'র পার্লামেন্ট সদস্যদের হুমকির মুখে শুক্রবার নির্বাচন প্রত্যাহার করা হয়। প্রায় ৭০ জন পিপিপি সাংসদ জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তাদের সময়ের প্রয়োজন। নির্বাচন স্থগিত করা না হলে তারা তা বয়কট করবেন। পিপিপি সাংসদ আরেপেন উত্তরাসিন টিপিবিএস টেলিভিশনকে বলেন, "আমরা নির্বাচন স্থগিত করতে চেয়েছি। কারণ সবার কাছে গ্রহণযোগ্য একজন প্রধানমন্ত্রী বাছাই করতে আমাদের সময়ের প্রয়োজন।" ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত প্রায় তিন সপ্তাহ ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, পার্লামেন্টে নতুন প্রাধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অবরোধ চলবে। পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা তখন দখল করেছিল সেনাবাহিনী। পিএডি'র নেতা সমসাক কোসাইসুক প্রধানমন্ত্রীর দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "মোদ্দা কথা হচ্ছে, এই সামাক আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, তিনি অনেকবার সংবিধান লঙ্ঘন করেছেন।" তিনি আরও বলেন, "পিপিপি থেকে কেউ প্রধানমন্ত্রী এমনকি মন্ত্রীও হতে পারবে না।" এমনটি হলে সরকারকে অচল করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭৪২ ঘ.