ইসলামাবাদ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা। যুদ্ধবিমান দিয়ে চালানো এ হামলায় পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান এলাকায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
চলতি বছর আফগানিস্তান থেকে পাকিস্তানের আদিবাসী এলাকা ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান দিয়ে চালানো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং বিমানযোগে সীমান্ত পেরিয়ে চালানো কমান্ডো হামলায় অনেক লোকের প্রাণহানি হয়েছে। এলাকটি আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত।
মার্কিন সেনারা গত সপ্তাহে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কমান্ডো হামলা চালানোর পর বুধবার পাক সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি এক বিবৃতি বলেন, পাকিস্তানের মাটিতে কোনো বিদেশি সেনাদের অভিযান পরিচালনার অনুমোদন দেওয়া হবে না। তার ওই বিবৃতির পরও আফগানিস্তান থেকে শুক্রবার এ হামলা চালানো যুক্তরাষ্ট্র।
এছাড়া গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সরকারের অনুমতি ছাড়াই দেশটির অভ্যন্তরে মার্কিন কমান্ডোদের স্থল অভিযান চালানোর গোপন অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ বছরের জুলাই মাসে তিনি ওই অনুমোদন দেন।
পাকিস্তান-আফগান সীমান্তে আল কায়েদা ও তালেবানি তৎপরতা দমন প্রসঙ্গে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, "আদিবাসী এলকার (পাকিস্তানের) পরিস্থিতি সহ্য করবার মতো নয়।"
তিনি বলেন, "আমাদেরকে আরও আগে বাড়তে হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।"
পাকিস্তানের মাটিতে কোনো বিদেশি সেনাদের অভিযান পরিচালনা করার অনুমোদন দেওয়া হবে না সংক্রান্ত পাকিস্তানি সেনা প্রধানের কঠোর ভাষার ওই বিবৃতি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফদের চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেনের বিবৃতির পরপরই আসে।
মুলেন তার ওই বিবৃতিতে জানান, পাক-আফগান সীমান্ত অঞ্চলে তালেবান ও আল কায়েদার হুমকি মোকাবেলায় 'বিশদ কৌশল' নির্ধারণ করা হচ্ছে। মুলেনের মন্তব্যের উদ্ধৃতি না করেই কায়ানি বলেন, পাকিস্তানের ভূখণ্ডে কোনো বিদেশি সেনা সহ্য করা হবে না।
শুক্রবারের হামলা সম্পর্কে ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তিনি বলেন, "হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার খবর আমাদের কাছে আছে।"
ওদিকে এ হামলা সম্পর্কে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, মিরানশাহের পাঁচ কিলোমিটার পূর্বের তুল খিল গ্রামের একটি সাবেক সরকারি স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্কুলটিতে জঙ্গি এবং তাদের পরিবার-পরিজনরা বসবাস করত বলেও তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24