জেনেভা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকে জানতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টায় সফলভাবে শুরু হয়েছে। মানবেতিহাসের সবচেয়ে বড় এ পরীক্ষার খবর রাখছেন আসিফ জাকারিয়া। (আরও তথ্যসহ-১)
জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির ১০০ মিটার নীচে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার সুড়ঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় এ বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ'(সার্ন)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নয় বিলিয়ন ডলার ব্যয়ের পরীক্ষাটির প্রধান যন্ত্র 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি) চালু হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক পরীক্ষা এবং এলএইচসি হচ্ছে এ যাবত তৈরি সবচেয়ে জটিল ও বড় মেশিন।
মেশিনটি চালু করার পরপরই নিয়ন্ত্রণ কক্ষের একটি পর্দায় ভেসে ওঠে রশ্মি।
"এলএইচসিতে আমরা একটি রশ্মি পেয়েছি।"
bdnews24