ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে কংগ্রেসের সম্মতি আদায়ে মঙ্গলবার থেকে সর্বাত্মক তৎপরতা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতা ছাড়ার আগে এই চুক্তি কিভাবে কংগ্রেসে পাশ করানো যায় এ নিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসি ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড বারম্যানের সঙ্গে আলোচনার জন্য ক্যাপিটাল হিলে গেছেন রাইস।
পোলেসির এক মুখপাত্র জানিয়েছেন, চুক্তিটি উত্থাপনের পর পাশ করানোর প্রক্রিয়া নিয়ে পোলেসির সঙ্গে রাইসের আলোচনা হয়েছে।
মুখপাত্র নাডিয়াম এলসামি বলেন, "চুক্তির বিষয়টি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করতে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে চেয়ারম্যান বারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পোলেসি।"
কংগ্রেসের উভয়কক্ষ ডেমোক্র্যাটদের নিয়েন্ত্রণে। এই চুক্তি পাশ হবে কি-না এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পোলেসি ও বারম্যান।
বেমাসরিক এই পরমাণু চুক্তির বাধা অপসারণ করতে ভারতের ওপর থেকে পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রস্তাবে গত শনিবার সম্মতি দিয়েছে ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"প (এনএসজি)।
এই চুক্তি কার্যকর হওয়া পথে এখন একটিই বাধা তা হলো, মার্কিন কংগ্রেসের অনুমতি। আর সেটা এই সেপ্টেম্বরের মধ্যে না হলে যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর নতুন প্রশাসনের অধীনে চুক্তির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে।
পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তিতে সই না করা এবং ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহল এখনও সন্দিহান।
ভারতে চুক্তির বিরোধিতা করে বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে আস্থাভোটের মুখে পড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আস্থাভোটে ইউপিএর জয়ে সে প্রতিবন্ধকতা দুর হয়।
তবে পরমাণু চুক্তির মূল বিষয়গুলো আড়াল করে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজেপি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করার ক্ষেত্রে সরকার নিজেদের পারমাণবিক অধিকারের সঙ্গে আপোস করছে। এই চুক্তির ফলে পারমাণবিক পরীক্ষার পথ বন্ধ হবে না জানিয়ে সরকার পার্লামেন্টকে ইচ্ছাকৃতভাবে বিপথে চালিত করছে বলে তারা জানিয়েছে।
তবে মনমোহন সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সত্ত্বেও তারা নিজেদের পরমাণু পরীক্ষা চালাতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/
bdnews24