সিউল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট কিম জং ইলের স্ট্রোকের খবর বুধবার প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া সরকার। কিমের সহকারী জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
গত মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা জানান, কিম জং ইল গত কয়েক সপ্তাহের মধ্যে বড় ধরনের অসুস্থতায় পড়েছিলেন। তার সম্ভবত স্ট্রোক হয়েছিল।
মঙ্গলবার উত্তর কোরিয়ার ৬০তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচাকাওয়াজে কিম উপস্থিত না থাকায় গুজব ছড়িয়ে পড়ে তিনি মারাত্মক অসুস্থ।
উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ নেতা কিম ইয়ং-নাম পিয়ংইয়ংয়ে জাপানি বার্ত সংস্থা 'কিয়োডো' কে বলেন, "কিম সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো সমস্যা নেই।"
এর আগে উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইল-হো কিয়োডোকে বলেন "কিমের অসুস্থতার এই খবরকে আমরা শুধু ভিত্তিহীন বলে মনে করছি না, বরং এটা একটা ষড়যন্ত্র।"
পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কূটনীতিক মঙ্গলবার জানান, উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় পরিবর্তন আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। তবে কিম তার দায়িত্ব পালনে সক্ষম নন- এমন গুজব শোনা যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার বহুল প্রচারিত দৈনিক 'কুসান ইলবো' মঙ্গলবার লিখেছে ৬৬ বছর বয়স্ক কিম কঠিন রোগে ভুগছেন। বেইজিংয়ে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিকের বরাত দিয়ে পত্রিকাটি একথা জানায়।
রাষ্ট্রপ্রধান হিসেবে দেশর ৫০ ও ৫৫তম প্রতিষ্ঠার্বিকীর কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন কিম। কিমের বাবা কিম ইল-সাং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা।
তবে কিমের অসুস্থতা সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো মঙ্গলবার বলেন, "ওই খবর সম্পর্কে আমাদের কিছু জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ ঘ.
bdnews24