ব্যাংকক, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - থাইল্যান্ডে সাংবিধানিক আদালতের নির্দেশে সামাক সুন্দরাভেজ প্রধানমন্ত্রীর পদ হারানোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার পার্লামেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে মঙ্গলবার সামাককে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেয় সাংবিধানিক আদালত। পাশাপাশি সামাকের পুরো মন্ত্রিপরিষদকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশে আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতাসীন জোট ৩০ দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
সেনা অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার শ্যালক সামাক সরকারের উপ-প্রধানমন্ত্রী সোমচাই ওংসাওয়াতকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে সিনাওয়াত্রার শ্যালক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চলমান রাজনৈতিক অচলাবস্থা আরও জটিলতার মুখে পড়তে পারে।
শুক্রবারের নির্বাচনকে সামনে রেখে বুধবার ক্ষমতাসীন জোটের দলগুলো রূদ্ধদ্বার বৈঠকে বসে। উদ্দেশ্য জোটের নতুন প্রধানমন্ত্রীর প্রার্থী বাছাই করা।
ছয়দলীয় জোট সরকারের সবচেয়ে বড় দল সামাকের নেতৃত্বাধীন পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) বুধবার জানিয়েছে তারা সামাককে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চায় না।
এ বিষয়ে জোট সরকারের অর্থমন্ত্রী ও পিপিপি'র মহাসচিব সুরাপং সুয়েবংলী ব্যাংককে সাংবাদিকদের বলেন, "আমাদের বক্তব্য হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী অবশ্যই পিপিপি থেকে হতে হবে।"
তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে জোটের শরিক ছোট দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করেনি। যদিও জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক চার্ট থাই পার্টি বলেছে, সামাককে পুনরায় নির্বাচিত করা পিপিপি'র উচিত হবে না।
ব্যাবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত দুই সপ্তাহ ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, পার্লামেন্টে নতুন প্রাধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অবরোধ চলবে।
পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
এবার পিএডি'র অভিযোগ ছিল, সামাক সরকার অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে কাজ করছে এবং দেশকে প্রজাতন্ত্রে রূপান্তরের চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৪০ ঘ.
bdnews24