লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বারাক ওবামাকে নিজ দেশে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু যুক্তরাষ্ট্রের বাইরে সহজেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিবিসির এক জরিপে বুধবার বলা হয়েছে বর্হিবিশ্বের বেশিরভাগ লোক ওবামাকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।
আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের মধ্যে বর্হিবিশ্বে কে বেশি জনপ্রিয় তা খুঁেজ বের করতে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২২টি ওই জরিপ চালায় বিবিসি।
২০০৮ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত এই জরিপে বিশ্বের ২২ টি দেশের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ২২টি দেশের সবকটি দেশের মানুষরাই চান ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোক। আর ১৭টি দেশের মানুষ মনে করে ওবামা জয়ী হলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটবে।
অংশগ্রহণকারীদের মধ্যে ওবামাকে সমর্থন দেওয়ার হার ভারতে সবচেয়ে কম এবং কেনিয়ায় সবচেয়ে বেশি। ভারতে ওবামার প্রতি সমর্থন ৯ ভাগ এবং কেনিয়ায় তা ৮২ ভাগ। ২২টি দেশের মধ্যে গড়ে তা শতকরা ৪৯ ভাগ। অন্যদিকে ম্যাককেইনকে সমর্থন করেন গড়ে মাত্র ১২ ভাগ।
ওবামা প্রেসিডেন্ট হলে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হবে এ ধারণা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র দেশগুলোর অধিবাসীদের মধ্যে। কানাডায় এ হার শতকরা ৬৯ ভাগ, ফ্রান্সে ৬২, জার্মানিতে ৬১, ব্রিটেনে ৫৪ এবং ইতালিতে ৬৪।
বিবিসির পক্ষ থেকে ওই জরিপ পরিচালনা করে 'গ্লোবস্ক্যান' নামের একটি জরিপ সংস্থা। টেলিফোন এবং সামনাসামনি সাক্ষাৎকারের মাধ্যমে এ জরিপ চালানো হয়।
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, মিশর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, লেবানন, মেক্সিকো, নাইজেরিয়া, পানামা, ফিলিপাইন, পোল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটেনে ওই জরিপ চালানো হয়। এসব দেশের মোট ২৩,৫৩১জন মানুষ এ জরিপে অংশ নেন।
অবশ্য এই ২২টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রেও একইসঙ্গে চলে এ জরিপ। তবে যুক্তরাষ্ট্রের জরিপের ফলাফল এর সঙ্গে অন্তর্ভূক্ত হয়নি।
গ্লোবস্ক্যানের চেয়ারম্যান ডুগ মিলার বলেন, "বিশ্বের বিরাট অংশ বারাক ওবামার উপস্থাপন পছন্দ করেন।"
তিনি বলেন, "জরিপ থেকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বর্তমানে কতটা নেতিবাচক, প্রতি পাঁচজনে মাত্র একজন মনে করেন ম্যাককেইন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্কের উন্নয়ন হবে।"
প্রসঙ্গত, ২০০৪ সালে যুক্তরাষ্্েরটর প্রেসিডেন্ট নির্বাচনের আগেও বিবিসি/গ্লোবস্কান বিশ্বের ৩৫টি দেশে একইরকম জরিপ পরিচালনা করেছিল। তখন দেখা গিয়েছিল ৩৫টির মধ্যে ৩০টি দেশের মানুষই ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জন কেরিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬৫৫ ঘ.
bdnews24