২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নার অনুষ্ঠান উপস্থাপনার দায়ে থাই প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ

টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে থাই প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজকে মঙ্গলবার পদত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে থাই প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজকে মঙ্গলবার পদত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। সামাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা যখন দুই সপ্তাহ ধরে তার কার্যালয় অবরোধ করে রেখেছে এবং বিক্ষোভ সামাল দিতে তিনি ব্যাংককে জরুরি অবস্থা বহাল রেখেছেন তখন আদালতের এই রায় তার জন্য বড় ধাক্কা। তবে আদালতের এই রায়ে বিক্ষোভকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তাদের একাংশ উল্লাস প্রকাশ করলেও অপর একটি অংশ আশঙ্কা করছে নতুন নির্বাচন দিয়ে সামাক আবার ক্ষমতায় ফিরে আসবেন। ক্ষমতাসীন দলের নেতা, সরকারের প্রধান হুইপ উতাইয়া বুরানাসিরি জানিয়েছেন, তাদের নেতার বিরুদ্ধে গত তিন মাসে বিক্ষোভাকারীরা যে আন্দোলনের ফলে এই রায় প্রভাবিত হয়েছে। তিনি বলেন, "আমি জোর দিয়ে বলছি, আমাদের নেতাই প্রধানমন্ত্রী থাকবেন।" তবে সামাক দাবি করেছেন, টেলিভিশনে উপস্থাপনা করে তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই এই অভিযোগ আনা হয়েছে। তিনি 'টেস্টিং, গ্রাম্বলিং' ও 'ট্যুরিং অ্যাট সিক্স এএম' নামের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার প্রায় দুই মাস পর গত এপ্রিলে তিনি ওই অনুষ্ঠান উপস্থানা বাদ দেন। সরকার পতনের দাবিতে বিরোধীদের বিক্ষোভ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে গণভোটের পরিকল্পনা করছে সামাক সরকার। পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ গত বৃহস্পতিবার একথা জানান। বিশ্লেষকরা জানিয়েছেন, সময় ক্ষেপণের কৌশল অবলম্বন করতে এই গণভোটের পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া বিক্ষোভ মূলত ব্যাংকক কেন্দ্রিক। ব্যাংককের সুশীল সমাজই এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। আর থ্যাইল্যান্ডের অধিকাংশ মানুষের বাস গ্রামাঞ্চলে। সেখানে সামাকের জনপ্রিয়তা অনেক। ব্যাবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত দুই সপ্তাহ ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, সামাক পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে। পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এবার পিএডি'র অভিযোগ, প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রূপান্তরের চেষ্টা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/