তিবলিসি, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার ভেতর থেকে সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে রাশিয়া। তবে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্র"তি দেয়নি দেশটি। রুশ প্রেসিডেন্ট মেদভাদেভের সঙ্গে বৈঠকের পর ফরাসী প্রেসিডেন্ট সারকোজি সোমবার একথা জানান।
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ হিসেবে ফ্রান্স এ মধ্যস্থতা করে এবং জর্জিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। মস্কোর কাছে নব্য-গথিক 'মেইনডরফ' দূর্গে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টার ওই বৈঠক করেন সারকোজি।
ওই বৈঠকেই জর্জিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার এই পদক্ষেপকে "একধাপ অগ্রগতি" হিসেবে স্বাগত জানিয়েছে জর্জিয়া।
গত মাসে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়ার পুনর্দখলের প্রয়াসে অভিযান চালালে জর্জিয়ার অভ্যন্তরে সেনা মোতায়ন করে রাশিয়া। এর ফলে পশ্চিমা বিশ্বের ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাশিয়া এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। কেননা জর্জিয়ার ভেতর দিয়ে যাওয়া বাকু-তিবলিসি-তুরস্ক তেল পাইপ লাইন ইউরোপে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ।
সেনা প্রত্যাহারে সম্মতি জ্ঞাপন সম্পর্কে ফরাসি প্রেেিসডেন্ট নিকোলাস সারকোজি বলেন, "প্রেসিডেন্ট মেদভাদেভের সঙ্গে আমরা যে চুক্তিতে পৌঁছেছি ইউরোপ তাতে খুবই উদ্বেলিত হবে।" তিনি আরও বলেন, " আমি আশা করছি এবং বিশ্বাস করি যে, এই চুক্তি বাস্তবায়িত হলে আমরা অনেক জরা-মৃত্যু এবং দুঃখ-কষ্ট থেকে রেহাই পাবো।"
রাশিয়া থেকে ওই চুক্তিপত্রটি নিয়ে জর্জিয়ায় গিয়ে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির সঙ্গে দেখা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এই সময় ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩১৩ ঘ.
bdnews24