নেপদেও, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক জান্তা রোববার জানিয়েছে, গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি অনশন করছেন না। সু চি তিন সপ্তাহ ধরে তার বাসায় বাইরে থেকে কোনো খাবার নিতে অস্বীকার করছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর সরকার রোববার একথা জানাল।
সামরিক সরকারে নতুন রাজধানী নেওদেওতে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খিন ইয়ে বলেন, "সুু চি'র অনুরোধে তার আইনজীবীকে তিন দফায় এবং ডাক্তারকে একবার তার বাসায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছ, সে অনুযায়ী তিনি অনশন করছেন না।"
চু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) গত শুক্রবার জানিয়েছিল, তাদের নেত্রী গত তিন সপ্তাহ ধরে বাসায় কোনো খাবার নিচ্ছেন না। তাকে বন্দি রাখা এবং সাক্ষাৎপ্রার্থীদের তার বাসায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদে তিনি খাবার নেওয়া বন্ধ করে দিয়েছেন। এর ফলে তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
এনএলডি এক বিবৃতিতে জানায়, "আমরা জানিয়ে রাখছি, সু চি'র যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।"
মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে গত পাঁচ বছর ধরে গৃহবন্দি আছেন শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী সু কি। ইয়াঙ্গুনের একটি হ্রদের পার্শ্ববর্তী ওই বাড়ির সঙ্গে বাইরের যোগাযোগ একেবারেই নেই।
খাদ্য গ্রহণ না করার পেছনে সু কি'র কোনো উদ্দেশ্য আছে কি না সে সম্পর্কে এখুনি কিছু বলা যাচ্ছে না। তবে গত মাসে তিনি জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান।
মিয়ানমারে রাজনৈতিক সংস্কার শুরু করার জন্য সামরিক জান্তা ও রাজনৈতিক নেতাদের রাজি করাতে কাজ করে যাচেছন গাম্বারি। সফর সূচি একদিন বাড়িয়েও সু কি'র সঙ্গে সাক্ষাত করতে না পেরে মিয়ানমার থেকে ফিরে যান গাম্বারি।
৬৩ বছর বয়সী সু কি'র সঙ্গে গত মার্চে গাম্বারি যখন সাক্ষাৎ করেন তখন তাকে বেশ রোগা ও কৃশ দেখা গিয়েছিল। গত ১৯ বছরের মধ্যে ১৩ বছর তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.
bdnews24